রান্নাঘরে মজুত ককটেল বিস্ফোরণ, গুরুতর আহত গৃহবধূ
ককটেল বিস্ফোরণে উড়ে যায় রান্নাঘরের টিনের চাল
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০০:১১
শরীয়তপুরের জাজিরায় একটি বসতবাড়ির রান্নাঘরে মজুত করে রাখা বিপুলসংখ্যক ককটেল একসঙ্গে বিস্ফোরিত হয়েছে। এতে রান্নাঘরের টিনের চালা ও বেড়া উড়ে যাওয়ার পাশাপাশি পাশের দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় রোকেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় ফারুক ছৈয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত রোকেয়া ওই বাড়ির মালিক ফারুক ছৈয়ালের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে রান্নার জন্য রান্নাঘরে প্রবেশ করেন রোকেয়া। এ সময় সেখানে আগে থেকে মজুত করে রাখা বিপুলসংখ্যক ককটেল একযোগে বিস্ফোরিত হয়। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের তীব্রতায় রান্নাঘরের টিনের চালা ও বেড়া উড়ে গিয়ে পাশের বাঁশবাগানে পড়ে। একই সঙ্গে পার্শ্ববর্তী সামাদ ছৈয়াল ও হাকিম ছৈয়ালের দুটি বসতঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণে গুরুতর আহত রোকেয়াকে স্থানীয়রা উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ বলেন, রোকেয়া বেগমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে বিস্ফোরণে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ সমকালকে বলেন, রান্নাঘরে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বিপুল পরিমাণ ককটেল মজুত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্ফোরণে রান্নাঘরের চালা উড়ে গেছে এবং একজন আহত হয়েছেন। কীভাবে বিস্ফোরণ ঘটেছে এবং কারা সেখানে ককটেলগুলো মজুত করেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- শরীয়তপুর
- ককটেল বিস্ফোরণ
- আহত