ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ঝগড়ার জেরে মিথ্যা মামলা

ঝগড়ার জেরে মিথ্যা মামলা
×

 কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৬

| প্রিন্ট সংস্করণ

কমলগঞ্জের মুন্সীবাজার ইউনিয়নের বাদে সোনাপুর এলাকায় রাস্তার ওপর বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জেরে নিরীহ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা ডাকাতি মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী প্রতিবাদ জানিয়েছে।

শনিবার দুপুরে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাদে সোনাপুর এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদকারীরা অভিযোগ করেন, সম্প্রতি রাস্তার ওপর বাঁশ কাটাকে কেন্দ্র করে গ্রামের ইজাজুল রহমানের স্ত্রী মুন্নি আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী বাসিন্দাদের ঝগড়া হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে এলাকায় বিভিন্ন বিষয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।

এসব ঘটনাকে কেন্দ্র করে এক পর্যায়ে ডাকাতির ঘটনা উল্লেখ করে মুন্নি আক্তার বাদী হয়ে গত ২৫ আগস্ট মৌলভীবাজার আদালতে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। এলাকাবাসী এসব হয়রানিমূলক কথিত মিথ্যা মামলা প্রত্যাহারের জোরালো দাবি জানান। এতে সাড়া না পেয়ে অবশেষে মানববন্ধন করেন তারা।
গ্রামের ফারুক মিয়া ও রফিক মিয়া বলেন, মুন্নি আক্তার মিথ্যা ডাকাতির মামলা দায়েরের পর হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। অভিযোগের বিষয়ে জানতে গ্রামের মুন্নি আক্তারের বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে কয়েক দফায় ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
কমলগঞ্জ থানার ওসি অমর উদ্দিন বলেন, এ ধরনের কোনো ঘটনা তাদের জানা নেই এবং আদালত থেকে মামলা তদন্তের কপিও আসেনি।

আরও পড়ুন

×