নদীতে বিলীনের পথে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক টাওয়ার
বরিশালের বানারীপাড়ার সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে সন্ধ্যা নদীতে ভাঙনে বিলীনের পথে ৩৩ হাজার ভোল্টেজের একটি বৈদ্যুতিক টাওয়ার। গতকাল রোববার তোলা। ছবি: সমকাল
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৪০
বরিশালের বানারীপাড়ায় সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে একটি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক টাওয়ারটি সন্ধ্যা নদীর পশ্চিম পারের পাঁচটি ইউনিয়নকে উপজেলা সদরের বিদ্যুৎ সংযোগ যুক্ত করেছে। ৩২০ মিটার উঁচু টাওয়ারটি নদীতে বিলীন হলে পাঁচ ইউনিয়নের লক্ষাধিক বাসিন্দা দুর্ভোগে পড়বেন।
গতকাল রোববার সকালে সরেজমিন দেখা গেছে, ভাঙন কবলিত নদী ও বৈদ্যুতিক টাওয়ারটির মাঝে মাত্র ৩০-৪০ গজ দূরত্ব রয়েছে। এ ছাড়া এখানে শুভ ও কাজী ব্রিকস নামের দুটি ইটভাটাও রয়েছে ভাঙন ঝুঁকিতে। গত কয়েকদিন ধরে সন্ধ্যা নদীর এ অংশে ভাঙন তীব্ররূপ ধারণ করেছে। স্থানীয়দের আশঙ্কা, বৈদ্যুতিক টাওয়ারটি যে কোনো মুহূর্তে নদীতে বিলীন হয়ে যেতে পারে। এতে বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার ও ব্রাহ্মণকাঠি গ্রামসহ নদীর অপর পারের বাইশারী, ইলুহার, উদয়কাঠি, সৈয়দকাঠি ও বিশারকান্দি ইউনিয়নসহ আশপাশের বিশাল এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়বে।
উচ্চক্ষমতাসম্পন্ন এ টাওয়ারটি নদীতে বিলীন হলে তা মেরামত বা পুনর্নির্মাণ করতে দীর্ঘ সময় ও বিপুল অর্থ ব্যয় হবে। ফলে দীর্ঘদিন এসব এলাকা অন্ধকারে নিমজ্জিত থাকবে। এতে পল্লী বিদ্যুতের ত্রিশ হাজার গ্রাহকসহ এসব পরিবারের লক্ষাধিক সদস্যের জীবনে দুর্যোগ নেমে আসবে।
স্থানীয়দের ভাষ্য, জনগুরুত্বপূর্ণ বৈদ্যুতিক টাওয়ারটি নদীর ভাঙন ঝুঁকিতে থাকার খবরে উপজেলার পাঁচ ইউনিয়নের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। জরুরি ভিত্তিতে টাওয়ারটির গোড়ায় জিওব্যাগ ফেলে সাময়িক প্রতিরক্ষা বাঁধ তৈরি করা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
স্থানীয় বাসিন্দা ও শুভ ব্রিকস ফিল্ডের পরিচালক জহিরুল ইসলাম সৌরভ জানান, গত কয়েকদিনের অব্যাহত ভাঙনে বৈদ্যুতিক টাওয়ার ও নদীর দূরত্ব এখন মাত্র কয়েক গজের। টাওয়ারটি নদীতে ধসে পড়লে স্থানীয়দের দৈনন্দিন জীবনসহ ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষা কার্যক্রমে বিপর্যয় ঘটবে।
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২’র আওতাধীন বানারীপাড়া সাব জোনাল অফিসের এজিএম মো. আল-আমিন বলেন, তিনি ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নদী ভাঙনের হাত থেকে বৈদ্যুতিক টাওয়ারটি রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, নদীর ভাঙন তীরবর্তী জনগুরুত্বপূর্ণ বৈদ্যুতিক টাওয়ারটি রক্ষার জন্য আপাতত জিও ব্যাগ ফেলাসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে টাওয়ারটি স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে গতকাল রোববার দুপুরে কথা বলেছেন। সন্ধ্যা নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণসহ টেকসই ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে পানি সম্পদমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গেও কথা বলবেন।
- বিষয় :
- বরিশাল