ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ছাতক পৌরসভায় স্থায়ী সচিব না থাকায় বাড়ছে ভোগান্তি

ছাতক পৌরসভায় স্থায়ী সচিব না থাকায় বাড়ছে ভোগান্তি
×

ছবি: সংগৃহীত

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৫৭

সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভায় দুই বছরেরও বেশি সময় অতিরিক্ত হিসেবে সচিবের দায়িত্ব পালন করছেন অন্য একটি পৌরসভায় কর্মরত সচিব। যে কারণে পৌরসভায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করায় বিভিন্ন ক্ষেত্রে কাজের গতি কমে যাচ্ছে বলে অভিযোগ করেছেন পৌরসভার সেবাগ্রহীতা ও স্থানীয় নাগরিকরা। প্রথম শ্রেণিভুক্ত এই পৌরসভায় দ্রুত সচিব নিয়োগের দাবি জানিয়েছেন নাগরিকরা।

স্থানীয়দের অভিযোগ, বর্তমানে পৌরসভার অধিকাংশ কার্যক্রম ধীরে ধীরে অনলাইননির্ভর হচ্ছে। জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, হোল্ডিং-সংক্রান্ত কার্যক্রম, বিভিন্ন প্রত্যয়নপত্র, নথি অনুমোদনসহ বিভিন্ন নাগরিক সেবা দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে প্রয়োজন নিয়মিত প্রশাসনিক তদারকি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতি। কিন্তু একই কর্মকর্তা অন্য একটি পৌরসভায় কর্মরত থাকায় সব সময় ছাতক পৌরসভায় উপস্থিত থাকতে পারছেন না। ফলে গুরুত্বপূর্ণ অনেক ফাইল ও প্রশাসনিক কার্যক্রমের ক্ষেত্রে বিলম্ব হচ্ছে।

ভুক্তভোগীদের ভাষ্য, কোনো একটি সেবা বা নথির জন্য পৌরসভায় এসে কর্মকর্তা না পাওয়ায় তাদের একাধিকবার যেতে হচ্ছে একই কাজের জন্য। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষ এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। অনলাইনে আবেদন করার পরও কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ তাদের।

গণক্ষাই এলাকার সেবাগ্রহীতা মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গত বৃহস্পতিবার অনলাইনে নাগরিক সনদের জন্য আবেদন করে পৌরসভা ও উপজেলা কার্যালয়ে চারবার আসা-যাওয়া করতে হয়েছে। অনলাইনে আবেদন করার পর পৌরসভার সচিব অনুমোদন না দিলে আবেদনটি পৌর প্রশাসক বা মেয়রের কাছে যায় না। অথচ সংশ্লিষ্ট সচিব অন্য একটি পৌরসভায় কর্মরত থাকায় তিনি আগামী সপ্তাহে আসবেন। এরপর তাঁর অনুমোদনের পর সেটি পৌর প্রশাসক বা মেয়র আবেদনটি মঞ্জুর করলে নাগরিক সনদ পাওয়া যাবে।

শহরের ভাজনামহল এলাকার বাসিন্দা ছাতক পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাসেল মাহমুদ বলেন, ছাতক এ গ্রেডের একটি পৌরসভা। এখানে স্থায়ী সচিব না থাকায় নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। একটি গুরুত্বপূর্ণ পৌরসভায় এভাবে অতিরিক্ত দায়িত্বে সচিব দিয়ে কার্যক্রম পরিচালনা করা কোনোভাবে কাম্য নয়।

ছাতক পৌরসভার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সচিব শরদিন্দু রায় বলেন, তিনি ২০২৪ সালের জুন মাসে ছাতক পৌরসভায় অতিরিক্ত দায়িত্বে যোগদান করেন। তাঁর বর্তমান কর্মস্থল কানাইঘাট পৌরসভা। 
ছাতক পৌর প্রশাসক মো. মহিউদ্দিন বলেন, ছাতক একটি বড় এবং এ গ্রেডের পৌরসভা। সেই হিসেবে এখানে একজন স্থায়ী সচিব থাকা জরুরি। এখন পর্যন্ত পৌরসভার নাগরকি সেবা নিয়ে কোনো ধরনের ভোগান্তির অভিযোগ তাঁর কাছে যায়নি। তারপরও নাগরকিদের সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন সবাই।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বণিক এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগাযোগ করতে বলেন।

আরও পড়ুন

×