ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছি: জামায়াত আমির

জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছি: জামায়াত আমির
×

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩৩ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০০

জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকট চরমে। মানুষ কষ্ট পাচ্ছে। আমরা জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলার চেষ্টা করছি। কিন্তু সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না। বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি।

শনিবার সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদ্রাসা মাঠে উপস্থিত জনতার উদ্দেশে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে ডা. শফিকুর রহমান মানিকপোটল গ্রামের আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বাংলাদেশের মানুষ ভালো নেই। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও বেহায়াপনায় ভরে গেছে। সাধারণ মানুষ ভালো নেই, তারা চরম বিপাকে পড়েছে। সারাদিন পরিশ্রম করে ঘরে ফিরে বিশ্রাম নেবে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ যায় না মাঝে মাঝে আসে। আমরা যখন কথাগুলো সংসদে বলি তখন বিদ্যুৎমন্ত্রী বলেন, কারেন্টের লাইনগুলো লম্বা হওয়ার কারণে আসতে দেরি হয়।

তিনি আরও বলেন, সারাদেশে তীব্র জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। আমরা সরকারকে সহযোগিতা করার জন্য প্রস্তাব দিয়েছিলাম গ্রহণ করেনি। সারাদেশে সংকট থাকলেও সংসদে মন্ত্রী, এমপিদের কাছে কোনও সংকট নেই। কৃষক সার পাচ্ছে না। ১৪০০ টাকার সার ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। সরকার ঘাট ঘাটে চোর বসিয়েছে। এভাবে সমাজ চলতে পারে না। এর একটা আমল পরিবর্তন দরকার। আমরা সেই পরিবর্তনের জন্য মাঠে নেমেছি জনগণকে মুক্তি দিতে।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×