ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

রাতের খাবার খাচ্ছিল কিশোর, ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

রাতের খাবার খাচ্ছিল কিশোর, ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা
×
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৭

চট্টগ্রাম নগরের খুলশীতে মো. হৃদয় (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে খুলশী থানার পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে এ ঘটনা ঘটে। 

নিহত হৃদয় পাহাড়তলী ওয়্যারলেস কলোনির বাসিন্দা।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খাচ্ছিল হৃদয়। সেসময় এক যুবক হৃদয়কে ডেকে বাইরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর হৃদয়কে ছুরিকাঘাত করা হয়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাবার সঙ্গে ফুটপাতে সবজি বিক্রি করত হৃদয়। এর পরিপ্রেক্ষিতে সবজির দোকান থেকে চাঁদাবাজি এবং এলাকার কয়েকজন সিনিয়র-জুনিয়রের সঙ্গে হৃদয়ের বিরোধ চলে আসছিল। এসব কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

আরও পড়ুন

×