ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বিক্ষোভ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বিক্ষোভ
×

হাজারো পোশাক শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ছবি: সমকাল

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ০৩:৪৪ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ | ০৩:৪৪

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের হাজারো পোশাক শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এর আগে তারা একটি সমাবেশে যোগ দেন। সেখানে উঠে আসে তাদের বঞ্চনা ও নানা সংকটের কথা।

গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ গতকাল শুক্রবার বিকেলে এ শ্রমিক সমাবেশের আয়োজন করে। গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকার সাগর সৈকত কনভেনশন হলে এ সমাবেশ হয়। জেলা ও মহানগরের বিভিন্ন শিল্প-কারখানার শ্রমিকরা মিছিল নিয়ে তাতে যোগ দেন। 

সমাবেশে বক্তারা বলেন, প্রতিদিনের বাজারদর, বাসাভাড়া ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বর্তমান মজুরি আর সামঞ্জস্যপূর্ণ নয়। সংসারের প্রয়োজন মেটাতে গিয়ে শ্রমিকদের প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। তাই বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় পোশাকশ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

সমাবেশে প্রধান আলোচক পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি বাস্তবায়নের জন্য আগামী ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে কঠোর আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

প্রধান অতিথি বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আহ্বায়ক মির্জা আল শামীম বলেন, শ্রমিকদের অধিকার আদায় এবং শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ফেডারেশনগুলো কাজ করে যাচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা হবে। 

গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের সদস্য সচিব সভাপতি অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ফাতেমা খাতুন, শ্রমিক নেতা মোহাম্মদ মোস্তফা, আমীর হামজা খান, এইচটিএম বিল্লাল, জান্নাত ফাতেমা, আনিসুর রহমান প্রমুখ। 

সমাবেশের আনুষ্ঠানিকতা শেষ হলেও থামেনি শ্রমিকদের ক্ষোভ ও দাবি। স্লোগান দিতে দিতে তারা নেমে যান মহাসড়কে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন তারা। হঠাৎ হাজারো শ্রমিকের অবস্থানে ব্যস্ত মহাসড়কে তৈরি হয় যানজট। আটকে পড়ে অসংখ্য যানবাহন। কিছু সময় পর শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

আরও পড়ুন

×