ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বদলে যাচ্ছে লেপার্ড দুটির ঠিকানা

বদলে যাচ্ছে লেপার্ড দুটির ঠিকানা
×

গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী হাসপাতালের কোয়ারেন্টাইন শেডে বন্দি লেপার্ড। ছবি: সমকাল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৩:২৯

দেড় মাস বয়সে ঘরটিতে ঢুকেছিল তারা। কথা ছিল রোগের ঝুঁকি এড়াতে কোয়ারেন্টাইনে থাকবে তিন সপ্তাহ, তারপর মিলবে স্বাভাবিক পরিবেশ। কিন্তু সেই তিন সপ্তাহ আর শেষ হয়নি। লোহার গ্রিলঘেরা ছোট্ট ঘরেই কেটে গেছে প্রায় ১০ বছর। গাছে ওঠা হয়নি, ছুটে বেড়ানো হয়নি, শিকার ধরার স্বাভাবিক পরিবেশও মেলেনি। গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী হাসপাতালের কোয়ারেন্টাইন শেডই হয়ে উঠেছিল দুই লেপার্ডের স্থায়ী ঠিকানা।

লেপার্ড দুটির দীর্ঘ বন্দিদশা নিয়ে সমকালে প্রতিবেদন প্রকাশের পর এবার বদলে যাচ্ছে তাদের ঠিকানা। প্রায় এক দশক পর কোয়ারেন্টাইন শেড থেকে তাদের সরিয়ে আলাদা বেষ্টনীতে নেওয়ার উদ্যোগ নিয়েছে গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষ। এ জন্য ৬৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে তৈরি করা হবে ১৫০ বর্গমিটারের বেষ্টনী। সেখানে থাকবে গাছে ওঠার ব্যবস্থা, পানি ও রাতের আশ্রয়। গতকাল রোববার সন্ধ্যায় এসব তথ্য জানান গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।

কর্তৃপক্ষ বলছে, ২০২৪ সালে সাফারি পার্কের অত্যাবশ্যকীয় ব্যবস্থাপনা প্রকল্প চালু হয়। ওই প্রকল্পের আওতায় লেপার্ডের জন্য আলাদা বেষ্টনী নির্মাণের বিষয়টি রাখা হয়েছিল। ২০২৬-২৭ অর্থবছরে এই বেষ্টনী নির্মাণে ৬৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রয়েছে। ওই কর্মকর্তা জানান, বেষ্টনীর আয়তন হবে ১৫০ বর্গমিটার। লেপার্ডের স্বাভাবিক বিচরণের জন্য সেখানে প্রাকৃতিক গাছপালা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তা সম্ভব না হলে কৃত্রিম গাছের ব্যবস্থা করা হবে। পাশাপাশি থাকবে পানির সুবিধা ও নাইট শেল্টার। তবে বেষ্টনীটি সাফারি পার্কের কোন এলাকায় নির্মাণ করা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এই নিয়ে সম্ভাব্যতা যাচাই চলছে। আগামী বছরের গোড়ার দিকে কাজ শুরু হবে বলে জানান তিনি।

সূত্রমতে, ২০১৭ সালের ১৩ নভেম্বর যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় একটি গাড়ি থেকে দুটি লেপার্ড ও দুটি সিংহশাবক উদ্ধার করে পুলিশ। পরে শাবক চারটি আনা হয় গাজীপুর সাফারি পার্কে। নিয়ম অনুযায়ী, রোগ-জীবাণুর সংক্রমণ থেকে সুরক্ষার জন্য তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়। সেখানে থাকার কথা ছিল মাত্র তিন সপ্তাহ। পরে সিংহশাবক দুটিকে সাফারি পার্কের নির্ধারিত স্থানে স্থানান্তর করা হলেও লেপার্ড দুটির স্থান বদল হয়নি।
 

আরও পড়ুন

×