ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সংবাদ সম্মেলন

গাজীপুরের জন্য পৃথক বন বিভাগ চান পরিবেশবাদীরা

গাজীপুরের জন্য পৃথক বন বিভাগ চান পরিবেশবাদীরা
×

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ০১:৫৩

এক সময় গাজীপুরের বিস্তীর্ণ বনভূমি ছিল সবুজের দীর্ঘ এক প্রাকৃতিক বলয়। সেই বনের বুকে এখন বাড়ছে জবরদখল, গড়ে উঠছে অবৈধ স্থাপনা, কমছে বনভূমি। বন উজাড় আর নানা ধরনের অপরাধে চাপ বাড়ছে দিনের পর দিন। অথচ যে বন রক্ষা করতে মাঠে থেকে নজরদারি ও দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেই বন প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যক্রমের একটি অংশ পরিচালিত হচ্ছে রাজধানী ঢাকা থেকে। রাজধানীতে বসে গাজীপুরের বন রক্ষা কতটা সম্ভব? এমন প্রশ্ন তুলেছেন পরিবেশবাদীরা। 

গাজীপুর পরিবেশ আন্দোলন এবং জনস্বার্থ উন্নয়ন ট্রাস্ট নামে দুটি সংগঠন আয়োজিত সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন তোলা হয়। গাজীপুরের জন্য পৃথক বন বিভাগ প্রতিষ্ঠাসহ পাঁচ দফা দাবিও জানানো হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুরের জয়দেবপুরের শহীদ নিয়ামত সড়কের শায়লা কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন করা হয়।

এতে পরিবেশবাদীরা বলেন, বনের কাছে থাকা মানুষকে বন-সংক্রান্ত প্রশাসনিক সেবা পেতে ভোগন্তিতে পড়তে হয়। কোনো বিষয়ে আবেদন, যোগাযোগ কিংবা প্রয়োজনীয় প্রশাসনিক কাজে রাজধানীতে থাকা দপ্তরে ছুটতে হচ্ছে গাজীপুরের বাসিন্দাদের। এতে একদিকে যেমন সময় ও অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে বাড়ছে জনভোগান্তি। গাজীপুরের বন রক্ষার বাস্তবতার সঙ্গে বর্তমান প্রশাসনিক কাঠামো পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তাই বন রক্ষায় ঢাকার ওপর নির্ভরতা কমিয়ে গাজীপুরকেন্দ্রিক পৃথক বন প্রশাসন গড়ে তোলা সময়ের দাবি।

জনস্বার্থ উন্নয়ন ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি ও সিইও মো. মেহেদী হাসান বলেন, ঢাকা বন বিভাগের ভবিষ্যৎ কাঠামো কী হবে, সেটি আমাদের দাবির বিষয় নয়। আমাদের দাবি হচ্ছে– গাজীপুরের বনাঞ্চল ও বন প্রশাসনের জন্য পৃথক গাজীপুর বন বিভাগ প্রতিষ্ঠা করতে হবে। গাজীপুর পরিবেশ আন্দোলনের সভাপতি মোছাদ্দিকুর রহমান বলেন, শুধু আইন ও নীতিমালা থাকলেই বন রক্ষা করা সম্ভব নয়। প্রয়োজন কার্যকর প্রশাসনিক কাঠামো, নিয়মিত মাঠ তদারকি এবং দ্রুত আইন প্রয়োগ। তাই গাজীপুরে পৃথক বন বিভাগ প্রতিষ্ঠা জরুরি। বন রক্ষার জন্য পাঁচটি দাবিও উত্থাপন করা হয় সংবাদ সম্মেলনে। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গাজীপুরের বন রক্ষা এখন শুধু পরিবেশের প্রশ্ন নয়; এটি প্রশাসনিক সক্ষমতারও প্রশ্ন। বনভূমি যেখানে, নজরদারি ও সিদ্ধান্ত গ্রহণের কাঠামোও সেখানে যতটা সম্ভব কাছাকাছি থাকা দরকার। তাদের মতে, গাজীপুরে পৃথক বন বিভাগ প্রতিষ্ঠা হলে সেই দূরত্ব কমবে, স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়বে এবং বন রক্ষায় প্রশাসনিক তৎপরতাও আরও কার্যকর হবে।

এ সময় গাজীপুর পরিবেশ আন্দোলনের প্রধান উপদেষ্টা ফেডরিক মুকুল বিশ্বাস, নির্বাহী সহসভাপতি এনামুল হক, সহসভাপতি মো. ইসমাইল মোল্যা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রুবেলসহ সংগঠন দুটির নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×