ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান, দৈনিক মিলবে ৭০ লাখ ঘনফুট

নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান, দৈনিক মিলবে ৭০ লাখ ঘনফুট
×

ছবি- সমকাল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ০১:২৬

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ-এ গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাপেক্স গতকাল মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়েছে। এই কূপ থেকে দৈনিক প্রায় ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হতে পারে।

প্রকল্পের তথ্য অনুযায়ী, গত ২৮ জুলাই কূপটির খননকাজ শুরু করেছিল বাপেক্স। আধুনিক ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডাব্লিউডি প্রযুক্তি ব্যবহার করে ভূগর্ভের ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়। এরই মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার স্তরে সম্ভাবনাময় গ্যাসের স্তরের সন্ধান মিলেছে।

সুন্দলপুর-৪ কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হক জানিয়েছেন, কূপটিতে বর্তমানে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) চলছে। আগামী দুই থেকে তিন দিন এই পরীক্ষা চলবে। পরীক্ষা সম্পূর্ণ শেষ হলে কূপটিতে মোট গ্যাসের সুনির্দিষ্ট মজুত ও দৈনিক উত্তোলনযোগ্য চূড়ান্ত পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় সুন্দলপুর গ্যাস ক্ষেত্রে নতুন এই কূপের সফলতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

×