ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

গণতান্ত্রিক অধিকার কমিটির মিছিল ১৫ অক্টোবর

গণতান্ত্রিক অধিকার কমিটির মিছিল ১৫ অক্টোবর
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ০২:১৩

গণতান্ত্রিক অধিকার কমিটি পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে সমাবেশ ও মিছিল করবে আগামী ১৫ অক্টোবর। মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ বন্ধসহ জনস্বার্থের বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে গণতান্ত্রিক অধিকার কমিটির সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক মোশাহিদা সুলতানা রিতু, মাহতাব উদ্দীন আহমেদ, জামশেদ আনোয়ার তপন, বীথি ঘোষ, আকরাম খান, সজীব তানভীর, রাফিকুজ্জামান ফরিদ, তামজীদ হায়দার, মনীষা ওয়াহিদ, ফাহিম আহমেদ চৌধুরী, শাহ সম্পূর্ণ, সামি আবদুল্লাহ প্রমুখ।

সভায় বক্তারা অভিযোগ করেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়া সত্ত্বেও সরকার লাভজনকভাবে পরিচালিত চট্টগ্রাম বন্দরের একের পর এক টার্মিনাল বিদেশিদের কাছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। তাদের দাবি, এতে জাতীয় অর্থনীতি, সক্ষমতা ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

সভায় মার্কিন বাণিজ্য চুক্তি এবং ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খননের ‘জাতীয় স্বার্থবিরোধী’ প্রকল্প বাতিলের দাবি জানানো হয়। একই সঙ্গে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে হকার ও অটোরিকশাচালকদের উচ্ছেদ বন্ধের দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় সরকারের ব্যর্থতার পাশাপাশি নতুন করে বাকস্বাধীনতা হরণের পদক্ষেপ চলছে। সাধারণ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জীবন-জীবিকার ওপরও আক্রমণ দেখা যাচ্ছে। তাদের দাবি, বর্তমান সরকারও হাসিনা সরকারের সময়ের পথেই অগ্রসর হচ্ছে।

আরও পড়ুন

×