ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ব্যবসায়ীর ২৬ লাখ টাকা লুটে গ্রেপ্তার তিন

ব্যবসায়ীর ২৬ লাখ টাকা লুটে গ্রেপ্তার তিন
×

ছবি- সমকাল

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ০২:১৯

ঢাকার সাভারের হেমায়েতপুরে র্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে এসআরবি। গতকাল সকালে মাদারীপুরের রাজৈর থানার টেকেরঘাট আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন– জুয়েল শিকদার, তামিম হোসেন ও উজ্জল সরদার।

এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাভারের হেমায়েতপুরের পূর্বহাটি উত্তরপাড়ার মো. রেজাউল করিমের আর কে এন্টারপ্রাইজ বেসরকারি একটি ব্যাংকের হেমায়েতপুর শাখার মাধ্যমে নিয়মিত আর্থিক লেনদেন করে। গত ১০ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে ওই প্রতিষ্ঠানের কর্মচারী মো. ইসরাফিল হক ব্যবসায়িক প্রয়োজনে ওই শাখা থেকে ২৬ লাখ টাকা উত্তোলন করেন। টাকা একটি ব্যাগে নিয়ে হেমায়েতপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক পার হওয়ার সময় একটি প্রাইভেটকারে থাকা কয়েকজন ব্যক্তি তাঁকে অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে তারা র্যাব পরিচয় দিয়ে ইসরাফিলকে ঘিরে ধরে টাকাভর্তি ব্যাগটি নেওয়ার চেষ্টা করে। ইসরাফিল ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে তাঁকে প্রথমে গুলি করে মেরে ফেলার ভয় দেখায়। এতে কাজ না হলে ছিনতাইকারীরা লোহার রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করে তাঁর কাছ থেকে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে প্রাইভেটকারে পালিয়ে  যায়। এ ঘটনায় আর কে এন্টারপ্রাইজের মালিক রেজাউল করিম বাদী হয়ে সাভার মডেল থানায় ওইদিনই একটি মামলা করেন।

ঘটনার পর এসআরবির একটি দল ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। গতকাল মঙ্গলবার সকালে মাদারীপুরের রাজৈর থানার টেকেরঘাট এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় এসআরবি।

আরও পড়ুন

×