সেমিনারে বক্তারা
চুয়েটে বাইরের কাউকে উপাচার্য মানবেন না আন্দোলনকারীরা
চুয়েট সংবাদদাতা
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ০৮:৪৪ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ | ১২:২০
| প্রিন্ট সংস্করণ
অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি, অবস্থান কর্মসূচি এবং শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি এখনও চলছে। গতকাল বৃহস্পতিবার ১৭তম দিনেও একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা ছিল।
তবে এদিন নতুন দাবি যুক্ত করেছে শিক্ষক সমিতি। অধ্যাপক সায়েমকে পুনর্বহালের পাশাপাশি এখন থেকে শুধু চুয়েটের শিক্ষাবিদদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে চুয়েট শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত শিক্ষকদের মতামত ও পরামর্শের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলো হলো– অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল, শুধু চুয়েটে কর্মরত প্রকৌশল শিক্ষাবিদদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ এবং জরুরি সেবা ছাড়া পূর্বঘোষিত পূর্ণ কর্মবিরতি অব্যাহত রাখা।
সভা শেষে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, সাধারণ সভায় আমরা সবাই দাবির বিষয়ে একমত হয়েছি। চুয়েটের বাইরে থেকে কাউকে আমরা উপাচার্য হিসেবে চাই না। একাডেমিক দীর্ঘসূত্রতার বিষয়ে তিনি বলেন, সামনে দুর্গাপূজার ছুটি রয়েছে। সংকটের সমাধান না হলে ছুটি পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। এদিকে বেলা ১১টা থেকে তালাবদ্ধ উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।
চুয়েট কর্মচারী সমিতির সভাপতি জামাল উদ্দিন বলেন, আমাদের দাবি একটাই– অধ্যাপক সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল করা।
এদিকে উপাচার্য ক্যাম্পাসে আসছেন– এমন খবরে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
- বিষয় :
- চুয়েট