ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ

পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি

পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি
×
×

 সিলেট ব্যুরো 

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ০৮:৪৫ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ | ১০:০৬

| প্রিন্ট সংস্করণ

এক দফা দাবিতে টানা ১২ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের (এসইসি) শিক্ষার্থীরা। কারিগরি শিক্ষা বোর্ডের দ্বৈত শাসন থেকে মুক্তি ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি তাদের। 

এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় তাদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। 

সমাবেশ শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না এবং আন্দোলন অব্যাহত থাকবে। আগামী রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তারা আর কোনোভাবেই কারিগরি শিক্ষা বোডের্র অধীনে থাকতে চান না। বর্তমানে কলেজটির একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। অন্যদিকে শিক্ষক নিয়োগসহ প্রশাসনিক ও আনুষঙ্গিক কার্যক্রম নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। প্রতিষ্ঠান একই অথচ নিয়ন্ত্রণ করছে দুটি প্রতিষ্ঠান। এই দুই প্রতিষ্ঠানের ভিন্ন নিয়মনীতি ও খবরদারির কারণে প্রতিনিয়ত জটিলতার সৃষ্টি হচ্ছে এবং শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষার্থীরা কলেজটিকে শাবিপ্রবির পূর্ণাঙ্গ অনুষদে অধিভুক্ত করা কিংবা অবিলম্বে একটি পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি জানিয়েছেন। 

২০০৭ সালে তিনটি বিভাগ ও তিনটি হোস্টেল নিয়ে চালু হয়েছিল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। দীর্ঘ ২০ বছর পার হতে চললেও প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য কোনো উন্নয়ন ঘটেনি। সহস্রাধিক শিক্ষার্থীর আবাসন ও শিক্ষার পরিবেশ দিন দিন সংকটময় হয়ে উঠছে। 

আরও পড়ুন

×