ফেনী থেকে চট্টগ্রামে আনা হচ্ছিল ১৩০ বোতল বিদেশি মদ
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ১৮:৫৪
ফেনী থেকে পিকআপ ভ্যানে করে কৌশলে চট্টগ্রামে আনা হচ্ছিল বিদেশি মদ। তবে পথিমধ্যে চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭) টিমের হাতে মদের চালানটি ধরা পড়ে। পিকআপ ভ্যান থেকে পাওয়া গেছে ১৩০ বোতল বিদেশি মদ। এ সময় মাদক পরিবহনের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। মাদক বহনে ব্যবহৃত পিকআপভ্যানটিও জব্দ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মীরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারের উত্তর পাশে খান সিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসআরবি।
আটক ব্যক্তিরা হলেন, খাগড়াছড়ির রামগড় উপজেলার নাকাপা এলাকার মো. নুর আলম (৩৩) ও মো. শেখ ফরিদ (৩৬) এবং ফেনী সদর উপজেলার মটুয়া এলাকার মো. শফিউল আলম ভূঁঞা (৩৪)।
এসআরবি-৭ জানায়, একটি পিকআপ ভ্যানে করে ফেনী সদর উপজেলার ধর্মপুর এলাকা থেকে বিদেশি মদ চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় নেওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বারইয়ারহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়। এ সময় পিকআপটি চেকপোস্টের কাছে এলে থামার সংকেত দেওয়া হয়। তখন গাড়ির চালক ও সামনের আসনে থাকা আরও দুইজন পালানোর চেষ্টা করেন। পরে এসআরবি-৭-এর সদস্যরা তাদের আটক করেন। পিকআপ ভ্যানটির পেছনে থাকা ছয়টি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৩০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
এসআরবি-৭-চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে অবৈধ বিদেশি মদ সংগ্রহ করে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করার কথা জানিয়েছেন।
- বিষয় :
- চট্টগ্রাম