তেঁতুলিয়ায় কমল তাপমাত্রা, শীতের আভাস
ছবি: সমকাল
তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১১:৪৯
দেশের উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক দিনের ব্যবধানে তাপমাত্রায় পরিবর্তন এসেছে। গরমের ভাব কাটিয়ে অনুভূত হচ্ছে শীতের আগাম পরশ। রোববার তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
উপজেলা আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানান, রোববার এ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ শতাংশ। ঋতু পরিবর্তনের প্রভাবে পঞ্চগড় অঞ্চলে ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়ছে।
ভোরে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় চা বাগানসহ বিভিন্ন কাজে নামছেন স্থানীয় শ্রমজীবীরা। তেঁতুলিয়ার চা শ্রমিক রফিক বলেন, ‘সকালে চা বাগানে পাতা তোলার সময় হালকা ঠান্ডা লাগে। দুপুরে রোদের তাপ থাকলেও সকাল ও শেষ রাতে বেশ শীত অনুভূত হয়।’
ভৌগোলিক অবস্থানের কারণে প্রতি বছরই দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় তেঁতুলিয়ায় আগেভাগে শীতের আবহ দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা জানান, তাপমাত্রা কমে যাওয়ায় সন্ধ্যার পর থেকেই পুরো উপজেলায় শীতের আমেজ ছড়িয়ে পড়ছে।