চাঁদপুরে মা ইলিশ রক্ষায় ৬ দিনে ৪৪ জেলে আটক
ছবি: সমকাল
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ১৬:২২
মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে গত ছয় দিনের অভিযানে ৪৪ জেলেকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের অবৈধ জাল, মা ইলিশ ও নৌকা জব্দ করা হয়।
বুধবার দুপুরে বিসিজি স্টেশন চাঁদপুরের আয়োজনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্টেশন কমান্ডার মুহতাদিন ইসলাম।
তিনি জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে পরিচালিত বিশেষ অভিযানে ৪ লাখ ৮৯ হাজার ৮০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৪ লাখ ৪৩ হাজার টাকা। এ ছাড়া ১ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ১০ কেজি মা ইলিশ এবং ৮ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ১৬টি অবৈধ বোট জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা।
কোস্টগার্ড জানায়, নিষেধাজ্ঞা অমান্য করায় আটক ৪৪ জেলের মধ্যে ৩৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকি ছয়জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আইন অমান্যকারীদের কাছ থেকে ১৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
স্টেশন কমান্ডার মুহতাদিন ইসলাম জানান, গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে কোস্টগার্ড। জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, আজকের সংরক্ষণই আগামী দিনের প্রাচুর্য। মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে এবং সুনীল অর্থনীতিকে গতিশীল রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। এ ছাড়া যেকোনো অনিয়মের তথ্য জানাতে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার অনুরোধ জানান।