রিবা আন্তর্জাতিক পুরস্কার পেল রংপুরের কারখানা
রংপুরে কারুপণ্যের গ্রিন ফিল্ড কারখানা। নারী শ্রমিকদের কাজের পরিবেশ, সুস্থতা ও সুযোগ-সুবিধাকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে সাততলা কারখানাটি সংগৃহীত
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০৮:২২ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ০৯:৩৫
| প্রিন্ট সংস্করণ
স্থাপত্যের মর্যাদাপূর্ণ ‘রিবা আন্তর্জাতিক পুরস্কার’ জিতেছে রংপুরে অবস্থিত কারুপণ্য রংপুর লিমিটেডের গ্রিনফিল্ড কারখানা। গত বৃহস্পতিবার রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (রিবা) এ পুরস্কার ঘোষণা করে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নারী শ্রমিকদের কাজের পরিবেশ, সুস্থতা ও সুযোগ-সুবিধাকে গুরুত্ব দিয়ে তৈরি সাততলা কারখানাটির নকশার প্রশংসা করেছেন বিচারকরা। তারা রংপুর শহরে অবস্থিত এক লাখ ৪৪ হাজার বর্গফুটের বেশি আয়তনের এই কারখানার ভবনটিকে ‘নীরব নম্রতার নিদর্শন’ বলে অভিহিত করেন।
কারখানাটির নকশায় রয়েছে সবুজে ঘেরা দেয়াল, ছায়াময় বারান্দা, পুকুরপাড়ের হাঁটার পথ ও শান্ত পরিবেশের উঠান। এসবের মাধ্যমে কর্মস্থলে প্রকৃতিকে যুক্ত করা হয়েছে। বাংলাদেশের স্থাপত্য প্রতিষ্ঠান নকশাবিদ আর্কিটেক্টস কারখানাটির নকশা করেছে। বাংলার ঐতিহ্যবাহী বসতবাড়ির ধরন থেকে তারা অনুপ্রেরণা নিয়েছে।
দুই বছর পরপর দেওয়া রিবা পুরস্কারে সাধারণত শুধু দৃষ্টিনন্দন ভবনের বদলে মানুষের জীবন ও সমাজের সঙ্গে যুক্ত স্থাপত্যকে গুরুত্ব দেওয়া হয়। কারখানাটিতে রয়েছে শিশুদের দেখাশোনার কেন্দ্র, চিকিৎসাকেন্দ্র এবং ছায়াঘেরা জায়গা।
নকশাবিদ আর্কিটেক্টসের প্রতিষ্ঠাতা বায়েজিদ মাহবুব খন্দকার বৃহস্পতিবার পুরস্কার ঘোষণার আগে দেওয়া এক বিবৃতিতে বলেন, তিনি প্রমাণ করতে চেয়েছিলেন, শিল্পকারখানাও প্রাণবন্ত হতে পারে এবং অনুপ্রেরণা জোগাতে পারে। কারখানা এমন কোনো যন্ত্র হওয়া উচিত নয়, যা মানুষের শক্তি নিঃশেষ করে দেয়।
কারুপণ্য রংপুর লিমিটেডের পাবলিক রিলেশন অ্যাডভাইজার মাহবুব রহমান সমকালকে বলেন, ‘কারখানায় যারা কাজ করেন, তারাই আমাদের প্রকৃত সম্পদ। তাদের কথা চিন্তা করেই এমডির স্বপ্ন ধারণ করে স্থাপনাটির নকশা করা হয়েছে।’
- বিষয় :
- আন্তর্জাতিক
- আন্তর্জাতিক মান