দেশ ছাড়ার ঘোষণা দিয়ে আত্মগোপনে অভিভাবক
মাদ্রাসায় যৌন নিপীড়নের অভিযোগ, পাল্টাপাল্টি মামলা
শাহজালাল রুমি
ইজাজ আহমেদ মিলন, গাজীপুর ও আবু সালেহ মুসা, টঙ্গী
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ১০:২৩
গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদের পর ক্রমাগত হুমকিতে সেই পরিবারটি এখন আত্মগোপনে। এরই মধ্যে সোমবার রাতে শিশুটির বাবা জানান, তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন।
সাত বছরের শিশুটি টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকার ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। সন্তানের সঙ্গে কী ঘটেছে, তা জানতে ২১ অক্টোবর মাদ্রাসায় গিয়ে শিক্ষক মোসলেম উদ্দিনের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান তার বাবা। একপর্যায়ে শিক্ষককে থাপ্পড় ও মারধরের ঘটনা ঘটে। পরে পুলিশ শিক্ষককে উদ্ধার করে এবং শিশুটির বাবার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায়।
এরপর শিক্ষককে মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। শিশুর প্রতি যৌন নিপীড়নের অভিযোগের পাশাপাশি শিক্ষককে মারধরের ঘটনাও দেশজুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এর মধ্যে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই অভিভাবকের বিরুদ্ধে করা হয় পাল্টা মামলা। তাতে অনধিকার প্রবেশ, ভাঙচুর, ১৭ লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন লুটের অভিযোগ আনা হয়। দুই পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যে হঠাৎ করেই আত্মগোপনে চলে যান শিশুকন্যার বাবা। তাঁর অবস্থান নিয়ে শুরু হয় নানা আলোচনা।
গত সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো অডিও বার্তায় তাঁকে বলতে শোনা যায়, ‘আমি বাংলাদেশের কুখ্যাত ব্যক্তি। বাসা ছেড়ে পালিয়েছি। দেশ থেকে চলে যাচ্ছি। এ দেশে থাকেন আপনারা। আমি থাকব না কুসংস্কার মার্কা দেশে।’
একই অডিওতে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার আইডি হ্যাক হয়ে গেছে। আমি একদম চুপ হয়ে গেছি। কোন রাষ্ট্রে আমি বাস করছি? আমি কোনো মানুষের রাষ্ট্রে বাস করছি না। আল্লাহর কসম দিয়ে বলেন তো, আপনার মেয়ের সঙ্গে এমন হলে আপনি কী করতেন? হাজার হাজার হুমকি আসছে। আমার কোনো নিরাপত্তা নেই; কে নিরাপত্তা দেবে?’
নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর ঘনিষ্ঠ এক স্বজনের দাবি, ওই অভিভাবক দেশেই আছেন। তবে পুরো ঘটনায় তিনি আতঙ্কিত। তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
বাসা ছেড়েছে পরিবার
গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে টঙ্গী সরকারি কলেজ এলাকার শিশুটির বাসায় গিয়ে দেখা যায়, তাঁর মা-বাবা এবং ভাইবোন সবাই পলাতক। ভেতর থেকে কথা বলেন শিশুটির নানা। জামাতা দেশের বাইরে চলে গেছেন কিনা– জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই। এ নিয়ে আর কোনো মন্তব্য করতেও রাজি হননি। বাড়ির নিরাপত্তাকর্মী হাবিবুর রহমান জানান, গত দুদিন শিশুটির বাবাকে ওই বাড়িতে আসতে দেখেননি তিনি।
যেভাবে ঘটনার সূত্রপাত
গত ২১ অক্টোবর টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকার ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার উপাধ্যক্ষ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে সাত বছর বয়সী ওই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ, মাদ্রাসার নিচতলার সিঁড়িতে শিশুটির সঙ্গে এ ঘটনা ঘটে। এর পর থেকেই সে মাদ্রাসায় যেতে চাইছিল না। পরে মা-বাবার কাছে ঘটনা খুলে বলে। মেয়ের কাছ থেকে বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়ে মাদ্রাসায় যান সেই অভিভাবক। সেখানে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে কথা বলতে গিয়ে একপর্যায়ে তাঁকে কয়েকজন মিলে মারধর করেন।
এর আগে ঘটনাটি মীমাংসার জন্য অভিযুক্ত শিক্ষক শিশুটির বাড়িতেও গিয়েছিলেন। কিন্তু তাঁর মা শিক্ষককে ঘরে ঢুকতে দেননি। ওই দিন মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোসলেমকে উদ্ধার করে থানায় নিয়ে যায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ ব্যাপারে ওসি আরিফুর রহমান বলেন, শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শিক্ষককে আদালতে পাঠানো হয়। তিনি এখন কারাগারে।
পাল্টা মামলায় নতুন মোড়
অভিযুক্ত শিক্ষক কারাগারে যাওয়ার পর মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে শিশুটির বাবা ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় পাল্টা মামলা করা হয়। মামলায় মাদ্রাসায় অনধিকার প্রবেশ, ভাঙচুর, শিক্ষক-শিক্ষিকাদের মারধর এবং টাকা ও মোবাইল লুটের অভিযোগ আনা হয়েছে।
অন্য এক অডিও বার্তায় এসব অভিযোগ অস্বীকার করেছেন সেই অভিভাবক। তিনি জানান, মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চাইতেই তিনি মাদ্রাসায় গিয়েছিলেন। লুটপাটের ঘটনা ঘটেনি। তবে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আলমাছ হোসেন বলেন, মোসলেম উদ্দিন দিনে মাত্র তিন ঘণ্টার জন্য খণ্ডকালীন ক্লাস নিতেন। বহিরাগতদের এনে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। জমি কেনার গচ্ছিত ১৭ লাখ টাকা লুটের প্রমাণ তাদের কাছে রয়েছে বলে দাবি করেন তিনি।
টঙ্গী পশ্চিম থানার ওসি বলেন, মামলা দুটি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তবে প্রয়োজন হলে ওই অভিভাবককেও গ্রেপ্তার করা হবে।
- বিষয় :
- অভিভাবকত্ব
- মামলা
- টঙ্গী
- শিশুকে যৌন নিপীড়ন
- আত্মগোপন