ঠাকুরগাঁও-১ উপনির্বাচন
কেন্দ্রে পৌঁছাল সরঞ্জাম, ভোটগ্রহণ কাল
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেন আসনটির রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান। ছবি: সমকাল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ১৫:৩৪ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ | ১৬:১৮
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে। বুধবার সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেন আসনটির রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান।
বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
গত মঙ্গলবার সকাল আটটায় প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। শেষ মুহূর্তে প্রচারণায় মুখর ছিল গ্রাম ও শহর। ভোটারদের সমর্থন পেতে প্রার্থীরা দিয়েছেন নানা প্রতিশ্রুতি। প্রচারণা শেষ হওয়ার পর এখন ভোটের অপেক্ষায় প্রার্থী ও ভোটাররা।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে জেলা নির্বাচন কার্যালয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য ও সাতজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও এসআরবির সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
এ আসনে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন, যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। অন্যদিকে ১১-দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসেন। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি। এ ছাড়া অন্য তিনটি দলের আরও তিনজন প্রার্থী রয়েছেন।
নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনের দিন জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য দুটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হবে বলে জানানো হয়েছে।
স্থানীয় ভোটাররা জানান, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারা আশা করছেন, ভোটের দিনও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। এক ভোটার বলেন, “আমি প্রথম ভোটার। এক বছরে দুইবার ভোট দিতে পারছি, এজন্য অনেক খুশি লাগছে। আগামীকাল সকাল সকাল ভোটকেন্দ্রে যাব, আশপাশের মানুষদেরও নিয়ে যাব এবং পছন্দের প্রার্থীকে ভোট দেব।”
ঠাকুরগাঁও-১ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, “নির্বাচনের পরিবেশ সুন্দর রয়েছে। প্রার্থীরাও আমাদের কার্যক্রম দেখে সন্তুষ্ট। সব প্রার্থী ও তাদের প্রতিনিধিদের ডেকে আলোচনা করেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন। আশা করি, একটি সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব।”
এসআরবি-১৩ রংপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর করিম বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি সদস্যরা নিয়োজিত রয়েছেন। মানুষ যেন নিরাপদে ভোট দিতে পারেন এবং কেউ যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারেন, সে জন্য তারা সতর্ক অবস্থানে আছেন। উপনির্বাচন ঘিরে এসআরবির বিশেষ দল মোতায়েন রয়েছে। এ ছাড়া ডগ স্কোয়াড, বডি-ওর্ন ক্যামেরা ও ড্রোনের ব্যবস্থাও রয়েছে।
আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ভোটারদের প্রত্যাশা, শান্তিপূর্ণ পরিবেশে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
- বিষয় :
- ঠাকুরগাঁও-১
- উপনির্বাচন
- রিটার্নিং কর্মকর্তা