ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

খ্রিষ্টান ধর্মপল্লী থেকে চুরি হওয়া ঘণ্টা উদ্ধার

খ্রিষ্টান ধর্মপল্লী থেকে চুরি হওয়া ঘণ্টা উদ্ধার
×
×

ছবি: সংগৃহীত

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ২১:৩৬

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের শতবর্ষী রানীখং সাধু যোসেফের খ্রিষ্টান ধর্মপল্লী থেকে চুরি হওয়া প্রায় ৪০ কেজি ওজনের ঘণ্টা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে শিবগঞ্জ-বিজয়পুর সড়কের পাশের একটি ডোবা থেকে ঘণ্টাটি উদ্ধার করে পুলিশ।

এর আগে গত বুধবার গভীর রাতে ধর্মপল্লীতে এই চুরির ঘটনা ঘটে। ঘণ্টা চুরির পরে ধর্মপল্লী কর্তৃপক্ষ থানায় মামলা করেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জানা গেছে, কুল্লাগড়া ইউনিয়নের সীমান্তবর্তী রানীখং এলাকায় সাধু যোসেফ ধর্মপল্লী নামে খ্রিষ্টধর্মীয় উপাসনালয় তৈরি হয় ১৯১২ সালে। ওই এলাকার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের একমাত্র উপাসনালয় হিসেবে খ্যাত রানীখং ধর্মপল্লী। গত বুধবার রাতে ওই ধর্মপল্লী থেকে প্রায় ৪০ কেজি ওজনের ঘণ্টা চুরি হয়। গত বৃহস্পতিবার ভোরে উপাসনা করার জন্য ঘণ্টা বাজাতে গেলে ধর্মপল্লীর ম্যানেজার পলিনিউস রুরাম চুরির বিষয়টি জানতে পারেন। পরে দুর্গাপুর থানায় মামলা করেন ধর্মপল্লী কর্তৃপক্ষ।

ধর্মপল্লীর ম্যানেজার পলিনুস রুরাম জানান, গত বুধবার রাতে ধর্মপল্লী এলাকার সবাই ঘুমিয়ে পড়েন। ভোরে প্রার্থনার সময় ঘণ্টা বাজাতে গিয়ে চুরির ঘটনা বুঝতে পারেন। ঘণ্টাটির ওজন প্রায় ৪০ কেজি এবং মূল্য এক লাখ টাকা। চুরির খবর পেয়ে নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।

চুরি যাওয়ার পর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ঘণ্টা উদ্ধারে তাগিদ দেন। পরে ধর্মপল্লীর নিরাপত্তার স্বার্থে আশপাশে বেশ কয়েকটি সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করেন।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, চুরি সংঘটিত হওয়ার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান তারা। এ ব্যাপারে থানায় মামলা নেওয়া হয়। ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে একটি ডোবার পাশ থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়েছে। চুরি হওয়া ঘণ্টাটি উদ্ধার করা হলেও চোর চক্রের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

আরও পড়ুন

×