ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মারধর থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

মারধর থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
×
×

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ০৮:১৫

| প্রিন্ট সংস্করণ

নোয়াখালীর সোনাইমুড়ীতে সন্ত্রাসী হামলার শিকার এক ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক সেলিম মিয়া। গত রোববার সন্ধ্যায় উপজেলার বজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদপুরে তিনি হামলার শিকার হন। 

আহত সেলিম মিয়া দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি। পাশাপাশি সোনাইমুড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদেও আছেন তিনি। 
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রোববার সন্ধ্যায় পূর্ব চাঁদপুর এলাকায় সোনাইমুড়ী-বেগমগঞ্জ মহাসড়কের পাশে ১৫-২০ জন ফজলে রাব্বি (২৮) নামে এক ব্যক্তিকে চোর আখ্যা দিয়ে মারধর করছিল। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচলও বন্ধ করে দেওয়া হয়। হামলাকারীরা রাব্বিকে ইট ও লোহার রড দিয়ে আঘাত করে। মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সাংবাদিক সেলিম মিয়া ঘটনাটি দেখে রাব্বিকে রক্ষায় এগিয়ে যান। এ সময় একই এলাকার সোলেমান, সোহেলসহ অজ্ঞাতপরিচয় ১৫-২০ জন দেশীয় অস্ত্র ও রড দিয়ে সাংবাদিক সেলিম মিয়ার ওপর হামলা চালায়। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাঁকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেনের ভাষ্য, হামলার ঘটনায় মামলা হলে সোহেল নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 
সাংবাদিকদের নিন্দা
এদিকে সাংবাদিক সেলিম মিয়ার ওপর হামলার নিন্দা জানিয়েছেন সোনাইমুড়ী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সৈয়দ মো. শহিদুল ইসলাম, সভাপতি বেলাল হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সবুজ, চাটখিল প্রেস ক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান, সহসভাপতি জসিম মাহমুদ, সাধারণ সম্পাদক গুলজার হোসেন।

আরও পড়ুন

×