ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মাদকসেবীদের ভয়ে ভিটেমাটি ছাড়ল পরিবার

মাদকসেবীদের ভয়ে ভিটেমাটি ছাড়ল পরিবার
×
×

ম্যাপ

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ | ২৩:০২

ফেনীর সোনাগাজীতে মাদকসেবীদের অত্যাচার ও নিরাপত্তাহীনতার কারণে বসতভিটা ছেড়ে ভাড়া বাসায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে একটি পরিবার। শুধু তাই নয়, বাড়ি ছেড়ে যাওয়ার পরও রেহাই মেলেনি পরিবারটির। সর্বশেষ গত রোববার দিবাগত রাতে ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে মাদক সেবন ও মালাপত্র চুরির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারটি উপজেলার চর দরবেশ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর সাহাভিকারী গ্রামের বাসিন্দা ওমর ফারুকের। জীবিকার প্রয়োজনে তিনি ঢাকায় থাকেন। এ কারণে বাড়িতে তার মা, স্ত্রী ও সন্তানরা বসবাস করতেন। মাদকসেবীদের অব্যাহত উৎপাতের কারণে গত ২৫ জুলাই পরিবার নিয়ে কাজীরহাট এলাকায় একটি ভাড়া বাসায় চলে যেতে বাধ্য হন তার স্ত্রী।

ওমর ফারুকের স্ত্রী ফারহানা আক্তার বলেন, চলতি বছরের শুরু থেকে স্থানীয় কিছু বখাটে ও মাদকসেবী রাতে তাদের ঘরের ওপর ইটপাটকেল নিক্ষেপ করত। জানালা খুললে অশ্লীল ভাষায় গালমন্দ ও অশোভন অঙ্গভঙ্গি করা হতো। নিরাপত্তার কারণে তারা জানালা খোলাও বন্ধ করে দেন। বিষয়টি স্বামীকে জানানোর পর তিনি সমাজের লোকজনের কাছে অভিযোগ করেন। কোনো প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে গত ২৫ জুলাই বাড়ি ছেড়ে ভাড়া বাসায় চলে যান তারা।

তিনি আরও বলেন, গত রোববার বিকেলে বাড়িতে গিয়ে দেখেন, ঘরের টিন কাটা এবং ভেতরের অনেক জিনিসপত্র নেই। এতে তারা আরও আতঙ্কিত হয়ে পড়েছেন।

ওমর ফারুক বলেন, তিনি এক সময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি এলাকায় না থাকার সুযোগে তার পরিবারকে এভাবে হয়রানি করা হচ্ছে। কারা এসব করছে, তা এলাকার সবাই জানলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তার। বিষয়টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ সমাজ কমিটিকে আবারও জানিয়েছেন তিনি। তারা বাড়িতে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সৌদি প্রবাসী মো. জাফর উল্যাহ বলেন, এলাকার অনেক পরিবার জীবিকার প্রয়োজনে স্বজনদের বাড়িতে রেখে প্রবাসে থাকেন। এমন পরিস্থিতি চলতে থাকলে তাদের পরিবারগুলোও নিরাপত্তাহীনতায় পড়বে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও কঠোর ভূমিকা রাখতে হবে।

স্থানীয় বাসিন্দা ও কারামতিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, বিষয়টি তারা আগে থেকে জানেন। কয়েকজনকে চিহ্নিতও করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করতে চান না। সংশ্লিষ্টদের হাতেনাতে ধরে প্রশাসনের কাছে সোপর্দ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

চর দরবেশ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। ওই এলাকার আশপাশে রাতে পুলিশের টহল জোরদার করার অনুরোধ জানিয়েছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম বলেন, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাদকসহ অপরাধ দমনে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×