ফরিদপুরে রিফাত কওমি মাদ্রাসায় কম্পিউটার ও সিসি ক্যামেরা দিল হা-মীম গ্রুপ
ছবি: সমকাল
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ০০:৫০ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬ | ০১:০১
ফরিদপুরের চরভদ্রাসনে রিফাত কওমি মাদ্রাসা ও এতিমখানায় হামীম গ্রুপের পক্ষ থেকে পাঁচটি কম্পিউটার ও সিসি ক্যামেরা প্রদান করা হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের জন্য পাঁচটি কম্পিউটার ও সিসি ক্যামেরা প্রদান করেন হা-মীম গ্রুপের প্রধান ইমাম আবু নাঈম। এ সময় মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ ইরফান হোসেনসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বর্তমান যুগে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার গুরুত্ব অনেক বেশি। এ বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ করে দিতে এসব কম্পিউটার প্রদান করা হয়েছে। এর মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা অর্জন করতে পারবে।
উদ্যোক্তাদের প্রত্যাশা, কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা মাদ্রাসার পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশের পাশাপাশি বিভিন্ন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে তাদের মেধা, দক্ষতা ও কর্মসংস্থানের সক্ষমতা বাড়বে।
শিক্ষার্থীদের আধুনিক ও কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
- বিষয় :
- ফরিদপুর
- হা-মীম গ্রুপ