ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত, লাইভে বাঁচার আকুতি

চট্টগ্রামে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত, লাইভে বাঁচার আকুতি
×
×

মো. বেলাল উদ্দিন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ | ২২:৫৮ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬ | ০০:৫৫

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জনসমাগমপূর্ণ এলাকায় এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। আহত অবস্থায় তিনি নিজের ফেসবুক পেজে লাইভে এসে বাঁচার আকুতি জানান। এ ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ আলম নামে একজনকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বিবিরহাট বাজারে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম মো. বেলাল উদ্দিন। তার বাড়ি ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া এলাকায়। তিনি ‘ফটিকছড়ি সংলাপ’ নামে একটি ফেসবুক পেজের অ্যাডমিন। আটক আলমের বাড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

ছুরিকাঘাতের পর রক্তাক্ত অবস্থায় ফেসবুক পেজে লাইভে আসেন বেলাল উদ্দিন। কান্নাজড়িত কণ্ঠে বাঁচার আকুতি জানান। তিনি অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে খবর প্রকাশ করায় উত্তর রাঙ্গামাটিয়া এলাকার আলম তাকে ছুরিকাঘাত করেছেন।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। তারা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বেলাল উদ্দিন মোবাইলে সমকালকে বলেন, মাসখানেক আগে মোহাম্মদ আলমকে ইয়াবা ও মদসহ আটক করেন স্থানীয়রা। ঘটনার একটি ভিডিও তিনি তার ফেসবুক পেজে প্রচার করেন। ওই ঘটনায় তার ওপর ক্ষিপ্ত ছিলেন আলম। গতকাল দুপুরে তাকে বিবিরহাটের মাংস বাজারে একা পেয়ে ছুরি তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বেলাল। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আলম কসাইয়ের কাজ করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল আলম বলেন, আহত বেলাল উদ্দিনকে হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ছুরিকাঘাতের ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ আলম নামে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বেলাল উদ্দিনের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে মামলা নেওয়া হবে।

আরও পড়ুন

×