বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমার চুরি করতে উঠে আটকা যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিসের সদস্যরা লিটনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ০১:২৫
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় গত বৃহস্পতিবার রাতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে আটকা পড়েন মো. লিটন মিয়া নামের এক যুবক। পরে ৩০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা জীবিত অবস্থায় তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।
খুঁটি থেকে উদ্ধার হওয়া মো. লিটন মিয়া (৩৪) উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের জয়নালের ছেলে। স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা লিটনকে শ্রীপুর থানায় সোপর্দ করেন।
স্থানীয় বাসিন্দা মো. সুমন প্রধান বলেন, রাত সাড়ে ১০টার দিকে ছাতির বাজারের পাশে ইটভাটার পেছনে পল্লী বিদ্যুতের একটি খুঁটিতে উঠে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে যায় ওই যুবক। চুরি করার সময় স্থানীয় একজন দেখে ডাকচিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে ঘিরে ফেলে। এ সময় নিচে থাকা এক সহযোগীকে আটক করে স্থানীয়রা। শত শত মানুষের ভয়ে বৈদ্যুতিক খুঁটিতে থাকা চোর আর নিচে নামেনি।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে থাকা যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে লিটনকে থানায় আনা হয়। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
- বিষয় :
- গাজীপুর
- ফায়ার সার্ভিস