ঘুমন্ত ব্যক্তির শরীরে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু
ফাইল ছবি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ | ২৩:১৭
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঘুমন্ত অবস্থায় মো. শুক্কুর আলী (৫০) নামের এক ব্যক্তির শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্কুর আলী শুভাঢ্যা পূর্বপাড়ায় হরিপদ দাসের বাড়িতে ভাড়া থাকতেন। ওই বাসায় তিনি একাই বসবাস করতেন। গত বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে শুক্কুর আলীর শরীরে এক ব্যক্তি পেট্রোল ঢেলে দেন। পরে তাকে গুরুতর দগ্ধ অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ জানায়, প্রতিবেশী এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে শুক্কুরের সুসম্পর্ক ছিল। এ নিয়ে ওই ব্যক্তি তার ওপর ক্ষুব্ধ ছিলেন বলে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে। এর জেরে পূর্বপরিকল্পিতভাবে ঘুমন্ত অবস্থায় শুক্কুরের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সাদ্দামের বিরুদ্ধে।
রাজধানীর শাহবাগ থানার সাধারণ ডায়েরির সূত্র ধরে ঘটনাটি যাচাই-বাছাই করে লাশের সুরতহালের পর ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানাকে অনুরোধ জানানো হয়েছে।
- বিষয় :
- কেরানীগঞ্জ