৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে চার্জশিট
ছবি: সমকাল
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ০০:১৩
ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল ‘শিখা ইন’-এ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। ওই অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নাগরিকসহ মোট নয়জন প্রাণ হারিয়েছিলেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে ৩৫০ পৃষ্ঠার এই চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিটে অভিযুক্ত তিনজন হলেন—হোটেলের মালিক বীরেশ্বর মিত্র, ইজারাদার আবু জাফর এবং তার স্ত্রী সাবা জাফর।
চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, মানুষের জীবন বিপন্ন করা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো গুরুতর ধারা যুক্ত করা হয়েছে। ঘটনার মাত্র ৯০ দিনের মাথায় দাখিল করা এই অভিযোগপত্রে ৯০ জন সাক্ষীর জবানবন্দিসহ গুরুত্বপূর্ণ ফরেনসিক রিপোর্টও সংযুক্ত করা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, চার্জশিটে হোটেলটির চরম অব্যবস্থাপনা ও নিরাপত্তা ত্রুটির চিত্র উঠে এসেছে। আবাসিক ভবনটিকে কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই বেআইনিভাবে হোটেলে রূপান্তর করা হয়েছিল। এমনকি মূল কাঠামো ভেঙে ছোট ছোট কক্ষ তৈরি করা হয় এবং কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই প্রতিটি কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বসানো হয়েছিল। এর ফলে বৈদ্যুতিক লাইনে অতিরিক্ত চাপ (ওভারলোড) সৃষ্টি হয় এবং বৈদ্যুতিক বোর্ড থেকেই আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট ভোররাতে নিউ মার্কেট এলাকার ১৯এইচ, মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলটির তিনতলায় আগুন লাগে। ঘুমন্ত অবস্থায় ধোঁয়ায় দমবন্ধ হয়ে ও আগুনে পুড়ে এক শিশুসহ নয়জনের মৃত্যু হয়, যাদের মধ্যে সাতজনই ছিলেন বাংলাদেশি নাগরিক। চিকিৎসা ও ভ্রমণের উদ্দেশ্যে কলকাতায় গিয়ে এমন পরিণতির শিকার হন তারা।
এই দুর্ঘটনার পরপরই যৌথ তদন্তে নামে কলকাতা পুলিশ, দমকল বাহিনী ও কলকাতা পৌরসভা। অভিযানে বেরিয়ে আসে নিউ মার্কেট এলাকার হোটেলগুলোর নানা অনিয়ম। সে সময় নিরাপত্তার ঘাটতি থাকায় বেশ কয়েকটি আবাসিক হোটেল ও গেস্ট হাউস সিলগালা করে দেওয়া হয়।
- বিষয় :
- কলকাতা
- অগ্নিকাণ্ডে মৃত্যু