জেনসেন হুয়াংকে ঘিরে এআই শিল্পের উত্থান, এরপর কী?
জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এআই শিল্পে অর্থায়নের কাঠামো অনিশ্চয়তার মুখে পড়েছে। ছবি: এএফপি
সিএনএন
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ | ২০:২৬ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬ | ২০:৩৮
জেনসেন হুয়াংয়ের পদত্যাগের মাধ্যমে এনভিডিয়া হারাল তাদের দূরদর্শী এক নেতাকে। একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পেও বড় শূন্যতা তৈরি হলো। প্রযুক্তিটির উত্থানের পথে বিভিন্ন চুক্তি করতে হুয়াং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
জেনসেনের নেতৃত্বে এনভিডিয়া শুধু চিপ নির্মাতা কোম্পানিতে সীমাবদ্ধ থাকেনি। ডেটা সেন্টার নির্মাণে চুক্তির নিশ্চয়তা দিয়েছে, বিনিয়োগ করেছে এআই স্টার্টআপগুলোতে। এমনকি যারা এনভিডিয়ার পণ্য কিনেছে তাদেরকেও নানাভাবে সহায়তা দিয়েছে।
এআই খাতের অর্থায়নে এনভিডিয়াকে একেবারে কেন্দ্রবিন্দুতে এনেছিলেন হুয়াং। তাঁর বিদায়ে এই ব্যবস্থায় ভাঙন ধরতে পারে কি না, সেই প্রশ্ন সামনে আসছে। একইসঙ্গে শেয়ারবাজারের চাঙ্গাভাব বজায় থাকা নিয়েও সংশয় তৈরি হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হয়ে ওঠা খাতটির উত্থানও তাই সংকটে পড়তে পারে।
আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক স্যাক্সোর কৌশলবিদ নিল উইলসন বলছেন, পুরো ঘটনায় হুয়াংয়ের ব্যক্তিগত ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা ভাষায় প্রকাশ করা কঠিন। তাঁর নেতৃত্বে এআই খাতের পুরো আর্থিক ব্যবস্থায় এনভিডিয়া শেষ ভরসা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
গত আগস্ট মাসে ওপেনএআইয়ের একটি ডেটা সেন্টার নির্মাণে ১০৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় এনভিডিয়া। এতে অন্য বিনিয়োগকারীদের মধ্যেও খাতটি নিয়ে আস্থা তৈরি হয়। পুঁজিবাজারে অ্যানথ্রোপিক তালিকাভুক্ত হওয়ার পর ১০ বিলিয়ন ডলারের শেয়ার কেনার কথাও ছিল কোম্পানিটির।

ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও অ্যানথ্রোপিকের ক্লদের মতো এআই মডেল পরিচালনায় প্রয়োজনীয় গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) তৈরি করে এনভিডিয়া। নিউইয়র্কভিত্তিক শেয়ারবাজার গবেষণা প্রতিষ্ঠান সিপোর্ট রিসার্চ পার্টনার্সের জ্যেষ্ঠ বিশ্লেষক জে গোল্ডবার্গ বলেন, এসব কাজের পাশাপাশি এনভিডিয়াকে ‘এআইয়ের কেন্দ্রীয় ব্যাংকও’ বলা যায়। তারা ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানের মতোও কাজ করছে।
এনভিডিয়ার আর্থিক চুক্তিগুলো বোঝাতে ‘সার্কুলার ফাইন্যান্সিং’ বা চক্রাকার অর্থায়ন শব্দটি চালু হয়েছে। কারণ, যেসব কোম্পানিকে আর্থিক সহায়তা দিয়েছে, তারাই আবার এনভিডিয়ার পণ্য কিনছে। সবশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এনভিডিয়া বলে, ‘প্রতিশ্রুতি, নিশ্চয়তা ও অন্যান্য বাণিজ্যিক চুক্তি আমাদেরকে আর্থিক এবং অপরপক্ষ থেকে চুক্তি বাস্তবায়নের ঝুঁকির মুখে ফেলতে পারে। এসব চুক্তি থেকে প্রত্যাশিত সুবিধা নাও মিলতে পারে।’
এখন হুয়াংয়ের বিদায়ে এনভিডিয়ার অর্থায়ন কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে।
তিন মাস আগে ছয়টি বড় আর্থিক প্রতিষ্ঠানকে একত্র করেছিলেন হুয়াং। সেগুলো হলো- অ্যাপোলো, ব্ল্যাকরক, ব্ল্যাকস্টোন, ব্রুকফিল্ড, গোল্ডম্যান স্যাকস ও কেকেআর। প্রতিষ্ঠানগুলো ঋণের বিপরীতে জামানত হিসেবে এনভিডিয়ার এআই অবকাঠামোকে একটি সম্পদ হিসেবে বিবেচনা করতে রাজি হয়েছিল। এর লক্ষ্য ছিল এআই খাতের উত্থানে ৫০০ বিলিয়ন ডলারের বেশি অর্থের জোগান নিশ্চিত করা।
গোল্ডবার্গ বলেন, পুরো উদ্যোগটিই হুয়াংয়ের নেতৃত্বে হয়েছিল। চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি। ফলে এটি আরও যাচাই-বাছাইয়ের মুখে পড়বে। এমনকি ভেস্তেও যেতে পারে।
আর্থিক বাজার গবেষণা প্রতিষ্ঠান রোজেনবার্গ রিসার্চের প্রতিষ্ঠাতা ডেভিড রোজেনবার্গ এক নোটে লিখেছেন, ‘চিপের চাহিদার তুলনায় অর্থায়ন নিয়েই এখন ঝুঁকি বেশি। এনভিডিয়ার বিনিয়োগ, নিশ্চয়তা ও আর্থিক সহায়তা এআই খাতের পুরো বিনিয়োগব্যবস্থাকে একসূত্রে বেঁধে রেখেছে। এখানে ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোই সবচেয়ে বড় দুর্বলতা।’
বিশ্লেষকরা বলছেন, কিছু বিষয় আছে, যা স্প্রেডশিটে হিসাব করে দেখানো যায় না। হুয়াংয়ের মধ্যে সেই গুণ ছিল। তিনি ৩৩ বছর ধরে একটি কোম্পানি গড়ে তুলেছেন। সেই কৌশলগত জ্ঞানকে অন্য কেউ পূরণ করতে পারবে না। এআইয়ের অগ্রযাত্রা থেকে শুরু করে ভবিষ্যত কার্যক্রমে সেটির প্রভাব পড়তে পারে।