চাঁদপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ১৯:৪১
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভের বেদিতে টায়ার ও পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে স্মৃতিস্তম্ভের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর পৌনে দুইটার দিকে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভের গোড়ায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বাসিন্দারা জানান, স্মৃতিস্তম্ভের বেদির নিচের অংশে পেট্রল ও টায়ার ব্যবহার করে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন জ্বালানোর পরপরই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর বলেন, ঘটনার পর সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুরো জেলায় পুলিশ কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের গ্রেপ্তারের নির্দেশনা রয়েছে।
- বিষয় :
- চাঁদপুর
- জুলাই গণ-অভ্যুত্থান
- স্মৃতিস্তম্ভ
- আগুন