উত্তরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘কঠিন চীবর দান’
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ১৯:৫৭
রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরে অবস্থিত বিএসএসপি বিশ্বশান্তি কুটিরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দানোত্তম কঠিন চীবর দান। শুক্রবার (৬ নভেম্বর) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ দানানুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠান ভিক্ষু সংঘের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত শাসনরক্ষিত মহাথেরসহ বৌদ্ধ ভিক্ষু সংঘ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, অন্তর্বর্তী সরকারে সাবেক উপদেষ্টা সুপ্রদীপ চাকমাসহ ঢাকা মহানগরে বসবাসরত বৌদ্ধ উপাসক-উপাসিকারা অংশগ্রহণ করেন।
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানী ঢাকায় আগত ও বসবাসরত বৌদ্ধ ধর্মাবলম্বীদের উদ্যোগে উত্তরার ১৭ নম্বর সেক্টরের নিরিবিলি ও মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয়েছে বিএসএসপি বিশ্ব শান্তি কুটির। এই নবপ্রতিষ্ঠিত ধর্মীয় প্রতিষ্ঠানে প্রথমবারের মতো কঠিন চীবর দান আয়োজন স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের জন্য এক বিশেষ তাৎপর্য বহন করছে।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে কঠিন চীবর দান অন্যতম শ্রেষ্ঠ দান হিসেবে বিবেচিত। বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, তিন মাসের বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমার পর থেকে কার্তিকী পূর্ণিমার মধ্যে নির্দিষ্ট নিয়ম ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। এ দানকে ‘দানোত্তম’ হিসেবে অভিহিত করা হয়। বৌদ্ধ ধর্মীয় বিশ্বাস অনুসারে, কঠিন চীবর দানের মাধ্যমে অসীম পুণ্য অর্জিত হয়।
পরিশেষে বিশ্বের সকলের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে অনুষ্ঠান শেষ হয়।
- বিষয় :
- রাজধানী