তৌফিক হত্যার বিচার ও গ্রেপ্তার শ্রমিক নেতাদের মুক্তির দাবি
প্রতিবাদ সমাবেশ
জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন আয়োজিত প্রতিবাদ সমাবেশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ২০:০০
গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচার, শ্রমিক নেত্রী ও মানবাধিকারকর্মী রোজিনা আক্তার সুমিসহ গ্রেপ্তার শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব দাবি জানানো হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও এশিয়া ফ্লোর অ্যালায়েন্স-বাংলাদেশের সদস্য সচিব মোসা. সুলতানা বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দীন, দপ্তর সম্পাদক ও নারী কমিটির সাধারণ সম্পাদক আমরিন হোসাইন এ্যানি, প্রচার সম্পাদক মো. তাহেরুল ইসলাম এবং বেসিক ইউনিয়ন নেতা নাসরিন আক্তার, মো. সুমন হোসেন মোল্লা ও খাদিজা আক্তার।
বক্তারা বলেন, ৩১ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার বিএনএস সেন্টার এলাকার রেড কিচেনের সামনে থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রোজিনা আক্তার সুমিসহ শ্রমিক নেতা মোস্তফা কামাল, মোরশেদ আলম কাওসার ও আলী আজগরকে গ্রেপ্তার করেন। পরে তাদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আদালতে জামিন আবেদন করা হলেও তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়।
বক্তারা আরও বলেন, রোজিনা আক্তার সুমি দীর্ঘদিন ধরে গার্মেন্টস শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং শ্রমিকদের সংগঠিত করার কাজে যুক্ত রয়েছেন। বিশেষ করে শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পরিচালিত আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন দমাতে তাকে ও অন্য শ্রমিক নেতাদের ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
সমাবেশ থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত, রোজিনা আক্তার সুমিসহ গ্রেপ্তার সব শ্রমিক ও শ্রমিক নেতার নিঃশর্ত মুক্তি, শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হয়রানিমূলক ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনে বাধা, পুলিশি হয়রানি ও দমন-পীড়ন বন্ধ করা।
- বিষয় :
- গার্মেন্টস শ্রমিক
- গ্রেপ্তার
- মুক্তি
- শ্রমিক