বিএনপি অপরাজনীতি না করলে দেশ আরও এগিয়ে যেত: তথ্যমন্ত্রী
অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ- সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯ | ১০:২৪
বিএনপি অপরাজনীতি না করলে দেশ আরও এগিয়ে যেত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, দেশের ৯৪ শতাংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। গ্রামে এয়ারকন্ডিশনারের শোরুম গড়ে উঠছে। মুজিববর্ষ শেষে শতভাগ মানুষ বিদ্যুৎ পাবে।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উন্নয়নের এক দশক শীর্ষক বিভাগীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, দেশে দারিদ্র্য কমে অর্ধেকে নেমে এসেছে। খাদ্য ঘাটতির বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশ।' তিনি আরও বলেন, 'ক্ষুধাকে জয় করেছে বাংলাদেশ। তাই আমরা পোস্টারে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ চাই লিখি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধাকে জয় করেছি আমরা।' তথ্যপ্রযুক্তিতে দেশের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরে হাছান মাহমুদ বলেন, 'দেশের ১৫ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। সাড়ে তিন কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। বিদেশে সন্তানের সঙ্গে ভিডিও কলে কথা বলে। এটাই ডিজিটাল বাংলাদেশের বাস্তব রূপ।'
আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য এমএ লতিফ ও চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আবদুছ ছাত্তার।
সরকার গঠনের পর কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী উদ্যোগ হিসেবে আখ্যায়িত করে ড. অনুপম সেন বলেন, 'আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন বিদ্যুতের সংকট প্রকট ছিল। শেখ হাসিনা দায়িত্ব নিয়ে কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করেন। সে সময় অনেকে চেঁচামেচি করেছেন। প্রধানমন্ত্রী ভয় পাননি। তখন বিদ্যুতের ব্যবস্থা না করা গেলে পোশাক খাত একেবারে বসে যেত।'
- বিষয় :
- তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
- চট্টগ্রাম