ভাতিজাদের মারধরে চাচার মৃত্যু
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ০২:৪৪
চট্টগ্রামের বোয়ালখালীতে ভাতিজাদের মারধরে মো. বাদশা (৪৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার পোপাদিয়া আকুবদণ্ডী গ্রামে এ ঘটনা ঘটেছে।
বাদশা আকুদণ্ডী গ্রামের হোসেন ফকির বাড়ীর মৃত আবদুস সালামের ছেলে।
নিহতের বোন হোসনে আরা বেগম জানান, সকাল ১১টার দিকে ভাতিজা বখতেয়ার (৩০), মিজান (২৫) ও ভাইঝি ফেরদৌস বেগমের সঙ্গে তার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ঝগড়া বাঁধে। এসময় বাদশা ভাতিজাদের ঝগড়া না করতে নিষেধ করলে তারা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মারধরে বাদশা নিস্তেজ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাহিদা আক্তার বলেন, বাদশা নামের এক ব্যক্তিকে নিথর অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, পুলিশ হাসপাতাল থেকে বাদশার মরদেহ উদ্ধার করেছে। দায়ীদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা তদন্ত করে তাদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
