চট্টগ্রামে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫
পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা- সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ০৯:১৯ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ | ০৯:৩৬
চট্টগ্রামে মাদক সেবনরত অবস্থায় পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন সিআরবির আলোচিত ডাবল মার্ডার মামলার আসামী। শনিবার ভোরে কোতোয়ালী থানার রাণীর দীঘির পাড়ের ইসহাক ভিলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাসা থেকে অস্ত্র তৈরি ও মেরামতের বিভিন্ন সরঞ্জাম, ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার পাঁচজন হলেন- ইসহাক ভিলার মালিকের ছেলে মো. ইয়াকুব, একই এলাকার প্রয়াত মো. রফিকের ছেলে সিরাজুল ইসলাম মামুন, ফেনী সদর উপজেলার মটুয়া গ্রামের প্রয়াত শেখ আহম্মদের ছেলে শেখ ফরিদ আহম্মদ, বাঁশখালী উপজেলার জঙ্গল জলদী গ্রামের তুষার কান্তি বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস ও সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি মেসি পুকুর পাড় এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে মো. আলাউদ্দিন। তাদের কাছ থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম স্লাইড কেইস, ব্যারেল, ম্যাগজিন, পিস্তলের গ্রিফ কভার, রেত পাথর, অস্ত্র মেরামতের ধাতব প্লেট, ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুইশ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, শেখ ফরিদ রেলওয়ের টেন্ডারবাজি নিয়ে সংঘটিত সিআরবি ডাবল মার্ডার মামলার এজাহারভুক্ত আসামী। সিআরবি এলাকায় ৩০-৪০ জনের একটি কিশোর গ্যাং রয়েছে তার। এ গ্যাংয়ের মাধ্যমে পলোগ্রাউন্ড ও সিআরবি এলাকার দোকান ও পার্কিংয়ে নিয়মিত চাঁদাবাজি করে সে। এ ছাড়া তার ছত্রছায়ায় এলাকায় মাদক ব্যবসা করে ২০টি মাদক মামলার আসামী মো. আলাউদ্দিন এবং নগরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে মো. ইয়াকুব। তারা অবৈধ অস্ত্র বেচাকেনা ও মেরামতের কাজও করে। শিমুল বিশ্বাস ও সিরাজুল ইসলাম মামুন তাদের অনুসারী। মাদক সেবনের জন্য ইয়াকুবের বাসায় একত্রিত হয়েছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, শেখ ফরিদ রেলওয়ের তালিকাভুক্ত ঠিকাদার। প্রতিটি টেন্ডারে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার করে সে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
- বিষয় :
- হত্যা মামলার আসামী
- গ্রেপ্তার
- চট্টগ্রাম