ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

বিস্ফোরণে উড়ে আসা দেয়াল কেড়ে নিল প্রাণ

বিস্ফোরণে উড়ে আসা দেয়াল কেড়ে নিল প্রাণ
×

স্ত্রীকে হারিয়ে পলাশ বড়ুয়ার আহাজারি (নীল শার্ট) -সমকাল

সারোয়ার সুমন, চট্টগ্রাম

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ | ০৩:২৩ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ | ০৪:০১

চট্টগ্রামের পটিয়ার মেহেরানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অ্যানি বড়ুয়া। পিএসসি পরীক্ষার ডিউটি থাকায় রোববার একটু সকাল সকাল বাসা থেকে বের হন। কিন্তু তার এই যাত্রাই যে শেষ যাত্রা তা কে জানত!

এদিন সকালে চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় যে বাড়িতে গ্যাস লাইন বিস্ফোরণ হয় তার পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন অ্যানি। হঠাৎ বিকট শব্দ। সঙ্গে সঙ্গে উড়ে আসা একটি দেয়ালে চাপা পড়েন অ্যানি। 

অ্যানির স্বামী প্রকৌশলী পলাশ বড়ুয়া জানান, তাদের দুই সন্তান। একজন অষ্টম শ্রেণিতে পড়ে। আরেকজন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। দুই ছেলেসহ তিনি বেঁচে গেলেও  মারা গেলেন স্ত্রী। মা হারানো দুই সন্তানকে কোনভাবেই সান্ত্বনা দিতে পারছেন না তিনি।

বিস্ফোরণে উড়ে আসা দেয়ালের চাপায় দুমড়ে-মুচড়ে যাওয়া একটি রিকশা -ফোকাস বাংলা

পাথরঘাটা এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণের এ ঘটনায় মারা গেছেন সাতজন। আহত হয়েছেন আরও ২০ জন।

স্থানীয়রা জানান, বিস্ফোরণে একটি ভবনের সীমানাপ্রাচীর ধসে রাস্তার ওপর পড়ে পথচারীরা আহত হয়েছেন। ভবনের উল্টো দিকের জসীম বিল্ডিংয়ের নিচতলার দোকানও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।   

চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী সাংবাদিকদের বলেন, বড়ুয়া বিল্ডিং নামে একটি ভবনের নিচতলায় সীমানা প্রাচীরের পাশে ওই বাড়ির গ্যাস রাইজার। বিস্ফোরণটি সেখানেই হয়েছে। হয়তো রাইজারে কোনো সমস্যা ছিল। সকালে বাসায় রান্না করার সময় অথবা কারও ফেলা সিগারেটের আগুন থেকে বিস্ফোরণ ঘটতে পারে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, গুরুতর দগ্ধ সাতজনকে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অন্য ২০ জন হাসপাতালে ভর্তি আছেন।

আরও পড়ুন

×