পাথরঘাটায় বিস্ফোরণের ঘটনা তদন্তে দুই কমিটি
গ্যাস লাইনে বিস্ফোরণে সাতজনের মৃত্যু হয়েছে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ | ০৪:৩৪ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ | ০৪:৩৫
চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় জেলা প্রশাসন ও মহানগর পুলিশের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি করা হয়েছে।
রোববার সকালে ব্রিক ফিল্ড রোডের বড়ুয়া বিল্ডিং নামের ভবনের নিচতলায় বিস্ফোরণে সাতজনের মৃত্যু হয়, আহত হন কমপক্ষে ১০ জন।
ঘটনা তদন্তে ও বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এজেএম শরিফুল হাসানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি ফায়ার সার্ভিস, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশ তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে। যার নেতৃত্বে আছেন উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান।
কমিটির অন্য দুই সদস্য হলেন- নগর বিশেষ শাখার অতিরিক্ত উপ-কমিশনার মঞ্জুর মোরশেদ এবং কোতোয়ালি জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা।
উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান জানান, তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
- বিষয় :
- চট্টগ্রাম
- বিস্ফোরণ
- হতাহত
- তদন্ত কমিটি
