রাজশাহীতে আড়তে অভিযান, ১৫০ টাকা দরে পেঁয়াজ বিক্রির নির্দেশ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ | ০৬:৫৬
রাজশাহীর নগরীর সাহেববাজারের একটি আড়তে মজুদ করা ৩শ' বস্তা পেঁয়াজের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত; এই পেঁয়াজ আগামী সাত দিনের মধ্যে ১৫০ টাকা কেজি দরে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম অভিযান চালিয়ে রোববার এই আদেশ দেন।
তিনি জানান, বাজার মনিটরিং করতে বিকেলে ভ্রাম্যমাণ আদালত নগরীর সাহেববাজারসহ বিভিন্ন বাজারে অভিযান চালায়। পরে হাসিবুল ইসলাম নামের এক ব্যবসায়ীর আড়তে ৩শ' বস্তা পেঁয়াজের সন্ধান পাওয়া যায়। ওই পেঁয়াজ আগামী সাত দিনের মধ্যে ১৫০ টাকা কেজি দরে আড়তদারকে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আবু সালাম আরও জানান, বাজার মনিটরিংয়ের সময় পেঁয়াজ ২শ' টাকা কেজি দরে বিক্রির কথা বিক্রেতারা জানিয়েছেন। তবে অন্য সময় তারা ২৩০ থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি করতো বলে ক্রেতারা অভিযোগ করেছেন। অভিযানের প্রথম দিন ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এরপর শাস্তি দেওয়া হবে।
- বিষয় :
- রাজশাহী
- ভ্রাম্যমাণ আদালত
- পেঁয়াজ
