একজনের স্ত্রীর যৌতুকের মামলায় আরেকজন গ্রেপ্তার, অবশেষে মুক্ত
ফাইল ছবি
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০ | ০৯:৪৭
টাঙ্গাইলের মধুপুরে এক চাঁন মিয়ার স্ত্রীর করা যৌতুকের মামলায় গ্রেপ্তার হন নিরপরাধ লেপ তোষকের ব্যবসায়ী আরেক চাঁন মিয়া। পরে পুলিশের ভুল হয়েছে জানার পর জামিনে মুক্ত হয়েছেন কারাভোগী ওই ব্যক্তি।
রোববার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মধুপুর আমলী আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট শামসুল আলম চাঁন মিয়ার জামিন মঞ্জুর করেন।
চাঁন মিয়ার জামিনের তথ্য নিশ্চিত করেছেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
আদালত সূত্রে জানা যায়, মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবাড়ী গ্রামের জহুর আলীর ছেলে স্বামী চাঁন মিয়ার বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মধুপুর আমলী আদালতে যৌতুকের ৩ ধারায় মামলা করেন স্ত্রী জামিলা বেগম। তবে গত বৃহস্পতিবার নামের মিল থাকায় উপজেলার কুড়াগাছা ইউনিয়নের কুড়াগাছা গ্রামের জরু শেখের ছেলে ও লেপ তোষকের ব্যবসায়ী চান মিয়াকে ওই মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শাহিনুল ইসলাম সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার যৌতুকের মামলায় গ্রেপ্তার হওয়া চান মিয়াকে জামিন দিয়েছেন আদালত। প্রকৃত আসামি ও প্রকৃত ঘটনা নিয়ে তদন্ত করা হবে বলেও জানান তিনি।
- বিষয় :
- যৌতুক
- টাঙ্গাইল
- চাঁন মিয়া
- মধুপুর
- পুলিশের ভুল
- যৌতুক মামলা
