ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আদালতে মামলা করবে পরিবার

আইনজীবীদের মানববন্ধন ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি

আইনজীবীদের মানববন্ধন ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি
×

শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিমের মৃত্যুর জন্য দায়ী পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে সোমবার বরিশালে মানববন্ধন করেন আইনজীবীরা - সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১ | ১২:০০ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২১ | ১৫:৪৩

বরিশালে শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিমকে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তারের পর হাসপাতালে মৃত্যুর ঘটনায় দায়ী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে। পুলিশ মামলা নিতে অপারগতা জানানোয় আজ মঙ্গলবার আদালতে মামলা করবেন রেজাউলের বাবা মো. ইউনুস। রেজাউলের পরিবার থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিকে রেজাউলের মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল সোমবার বরিশালের আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছেন আইনজীবীরা।

রেজাউল করিমের বাবা মো. ইউনুস সমকালকে বলেন, সোমবার তিনি আদালতে গিয়ে আইনজীবীর মাধ্যমে অভিযোগ প্রস্তুত করেছেন। মঙ্গলবার (আজ) সকাল ১১টার মধ্যে সেটি আদালতে উপস্থাপন করা হবে। ইউনুস জানান, নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহিসহ অজ্ঞাত এক কনস্টেবলকে মামলায় অভিযুক্ত করা হয়েছে।

রেজাউলের স্ত্রী মারুফা আক্তার জানান, তিনিসহ পরিবারের কয়েকজন সদস্য গতকাল সকালে মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের দপ্তরে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন। পুলিশ কমিশনার ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন। মামলা গ্রহণের বিষয়ে পুলিশ কমিশনার তাদের জানিয়েছেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মারুফা আক্তার বলেন, পুলিশ কমিশনারের এ বক্তব্যে তারা বুঝে গেছেন পুলিশ মামলা নেবে না। তাই আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, মৃত রেজাউলের স্ত্রীসহ পরিবারের কয়েকজন তার সঙ্গে দেখা করেছেন। তিনি সব সহায়তার আশ্বাস দিয়েছেন। পুলিশের বিভাগীয় তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মামলা হবে।

এদিকে শিক্ষানবিশ আইনজীবীরা গতকাল সকাল সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত-সংলগ্ন ফজলুল হক অ্যাভিনিউ সড়কে মানববন্ধন করেন। কয়েকজন সিনিয়র আইনজীবীও এ কর্মসূচিতে অংশ নিয়ে রেজাউলের মৃত্যুর জন্য দায়ী পুলিশ কর্মকর্তার বিচার দাবি করেন।

শিক্ষানবিশ আইনজীবী পারভেজ বীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র আইনজীবী মহসিন মন্টু, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মিলন ভূঁইয়া, অ্যাডভোকেট সাকলাইন মোস্তাক, অ্যাডভোকেট হুমাউন কবির মাসউদ প্রমুখ।

শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিমকে (৩০) গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সাগরদী এলাকায় বাসার সামনের গলি থেকে আটক করেন নগর গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দিন মাহি। পরে তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রেজাউল করিম কারাগারে অসুস্থ হলে গত শুক্রবার রাত ৯টার দিকে তাকে কারাগার থেকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়। সেখানে শনিবার রাত ১২টার দিকে রেজাউল মারা যান। রেজাউলের পরিবারের অভিযোগ, এসআই মহিউদ্দিনের নির্যাতনে অসুস্থ হয়ে রেজাউল মারা গেছেন।

আরও পড়ুন

×