ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

সরে দাঁড়ালেন আ'লীগের বিদ্রোহী প্রার্থী, বললেন 'মাশরাফির সম্মানে'

সরে দাঁড়ালেন আ'লীগের বিদ্রোহী প্রার্থী, বললেন 'মাশরাফির সম্মানে'
×

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সর্দার আলমগীর হোসেন -সমকাল

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১ | ০৫:১৩ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ | ০৫:৫১

নড়াইল পৌর নির্বাচনের ৪ দিন আগে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সর্দার আলমগীর হোসেন নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে গেলেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নড়াইল নতুন বাস টার্মিনালের বাস মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। 

এ সময় জেলা আওয়ামী লীগের বিগত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সাহা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য সৌমেন চন্দ্র বোস, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মোস্ত, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিলয় রায় বাধনসহ আওয়মী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

নড়াইল পৌর মেয়র প্রার্থী নড়াইল পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক (নির্বাচনে প্রার্থী হওয়ায় বহিষ্কৃত) সর্দার আলমগীর হোসেন বলেন, শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে এবং নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজার সম্মানে আমি নিজে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম এবং সকলকে নৌকা প্রতীকের প্রার্থী আনজুমান আরার পক্ষে কাজ করার আহবান জানাচ্ছি।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের বিগত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সাহা বলেন, দলীয় নেতৃবৃন্দ এবং এমপি মাশরাফি বিন মর্তুজার প্রতি সম্মান দেখিয়ে বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ সিদ্ধান্ত আওয়ামী লীগের ঐক্য বৃদ্ধি করবে এবং নৌকা প্রতীকের বিজয়কে তরান্বিত করবে।

আরও পড়ুন

×