বকেয়া বেতনসহ ১১ দফা দাবি
তিন জেলায় পাটকল শ্রমিকদের বিক্ষোভ
রাজশাহীতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ- সমকাল
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ১১:০৪
মজুরি কমিশন বাস্তবায়ন এবং বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে সোমবার খুলনা, রাজশাহী ও চট্টগ্রামে বিক্ষোভ ও ভুখা মিছিল করেছেন পাটকল শ্রমিকরা।
খুলনায় বিক্ষোভে অংশ নেন রাষ্ট্রায়ত্ত ৯ পাটকলের শ্রমিকরা। এ ছাড়া রাজশাহী পাটকলের শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ এবং চট্টগ্রামে আমিন জুটমিলের শ্রমিকরা ভুখা মিছিল করেন। ব্যুরোর পাঠানো খবর-
খুলনা: রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে সকালে নগরীর খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর ও দৌলতপুর জুটমিলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন শ্রমিকরা। পরে থালাবাসন হাতে বিআইডিসি সড়কে ভুখা মিছিল বের করেন তারা। খুলনার স্টার, আলিম, ইস্টার্ন এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুটমিলের সামনেও অনুরূপ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তব্য দেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার আবদুল হামিদ, যুগ্ম আহ্বায়ক সাহানা শারমিন, হুমায়ুন কবির খান, মুরাদ হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিজেএমসি গত ১৮ মে থেকে মজুরি কমিশন কার্যকর করার ঘোষণা দিলেও তা হয়নি। ৯ পাটকলের শ্রমিকদের ৮ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। এর ফলে শ্রমিকরা পরিবারের সদস্যদের নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন।
শ্রমিকরা জানান, একই দাবিতে তারা আগামী ২৭ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি পাটকলের গেটে প্রতীকী অনশন, ২ ডিসেম্বর বিক্ষোভ মিছিল, ৩ ডিসেম্বর ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টা ধর্মঘট, ৮ ডিসেম্বর গেট সভা ও ১০ ডিসেম্বর সকাল ৮টা থেকে শ্রমিকদের পরিবার নিয়ে নিজ নিজ মিল গেটে আমরণ গণঅনশন কর্মসূচি পালন করবেন।
চট্টগ্রাম: ১১ দফা দাবিতে সকালে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে ভুখা মিছিল করেছেন আমিন জুটমিলের পাটকল শ্রমিকরা। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের জুট মিলের গেটে এসে শেষ হয়। এতে কয়েকশ' শ্রমিক অংশ নেন। মিছিল থেকে আগামী ২৭ নভেম্বর জুটমিল গেটে প্রতীকী অনশনের ঘোষণা দেওয়া হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আমিন জুটমিল শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি আরিফুর রহমান, মো. মোস্তফা, শামসুল আলম, কামাল উদ্দিন প্রমুখ।
রাজশাহী: দাবি বাস্তবায়নে বিক্ষোভ-সমাবেশ করেছেন রাজশাহী পাটকলের শ্রমিকরা। সকাল ১০টায় শ্রমিকরা জুটমিল গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজশাহী-ঢাকা মহাসড়ক প্রদক্ষিনের সময় প্রায় দেড় হাজার শ্রমিক এতে অংশ নেন। এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ মিছিল শেষে মিলগেটে সমাবেশ করেন তারা। কর্মসূচিতে রাজশাহী পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শামীম হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাক হোসেন, সহসভাপতি আব্দুল আলীম, মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- পাটকল শ্রমিক
- বিক্ষোভ
- খুলনা
- চট্টগ্রাম
- রাজশাহী