চট্টগ্রামে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৫:৫৪
চট্টগ্রামে ইয়াবাসহ এক ইউপি সদস্য ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে নগরের কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকা থেকে দুইজন ও অন্য একজনকে চন্দনাইশ থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার তিনজন হলেন- চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য চন্দন ধর, তার দুই সহযোগী মোহাম্মদ সাহেদ ও মোহাম্মদ মোরশেদুল আলম। তাদের কাছ থেকে আট হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সমকালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চন্দন ও শাহেদকে ইয়াবাসহ স্টেশন রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চন্দনাইশ থেকে মোর্শেদকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা কেনা বেচার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে তারা ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানিয়েছে।
- বিষয় :
- চট্টগ্রাম
- ইয়াবাসহ গ্রেফতার
- ইউপি সদস্য