ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় শতশত যানবাহন

দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় শতশত যানবাহন
×

নদী পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি- সমকাল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ০৭:১৪

ঘন কুয়াশায় দেশের ব্যস্ততম নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় শনিবার দুই দফায় সাড়ে ৩ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে সারাদিনই দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, শুক্রবার মধ্যরাত থেকে পদ্মা নদী এলাকায় কুয়শা পড়তে শুরু করে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ঘন কুয়াশার চাদরে ঢেকে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সকাল ৭টার দিকে কুয়াশার তীব্রতা কিছুটা কমে এলে সাবধানতার সঙ্গে ফের ফেরি চলাচল শুরু হয়। আবারো সকাল ৮টার দিকে ঘন কুয়াশায় নৌরুটের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যায়। এতে পুনরায় রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯টার দিকে কুয়াশা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হতে থাকে। দু’দফায় ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় আটকে পড়ে শত শত যানবাহন।

শনিবার বিকেলে সরেজমিনে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত অন্তত ৩ কিলোমটিার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি। এছাড়া দৌলতদিয়া ঘাট থেকে ১২ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় এলাকায় সিরিয়ালে আটকে রাখা হয়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, ঘন কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় সিরিয়ালে কিছু যানবাহন আটকা পড়েছে। এটা প্রাকৃতিক সমস্যা। তবে আটকে থাকা যানবাহনগুলো দ্রুত সময়ের মধ্যে নদী পারের চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন

×