সাংবাদিকরা অনুমতি ছাড়া হাসপাতালে ঢুকতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ০৯:৪০
অনুমতি ছাড়া সাংবাদিকরা হাসপাতালে ঢুকতে পারবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
সাংবাদিকদের তিনি বলেন, হাসপাতালে ঢুকতে হলে আপনারা পরিচালকের কাছ থেকে অনুমতি নেবেন। তারপর ভেতরে যাবেন। এখানে অনেক ধরনের রোগী থাকে। এর মধ্যে মুমূর্ষু রোগীরাও থাকেন। তাদের স্বাস্থ্য নিরাপত্তা ও সংক্রমণের বিষয়টি আমাদের আগে ভাবতে হয়। তাই সবাইকে সব জায়গায় ঢুকতে দেওয়া সম্ভব হয় না।
শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মিলনায়তনে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
২০১৪ সালের ২১ এপ্রিল হাসপাতালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকরা হামলা চালান। এতে অন্তত ১০ সাংবাদিক আহত হন। এরপর থেকে রামেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ ব্যবস্থা শুধু রাজশাহী মেডিকেল বা বাংলাদেশেই নয়, সারাবিশ্বেই রয়েছে। হাসপাতালে অনেক ধরনের অসুখ-বিসুখ থাকে। বেশি অ্যাটেনডেন্স থাকার কারণে রোগীদের নানা ধরনের জটিলতা দেখা দেয়। এই বিষয়টি আমরা যেমন দেখব, আপনারাও দেখবেন। এটি সবার দায়িত্ব।
এর আগে চিকিৎসকদের সঙ্গে মতবিনিয়মকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উন্নয়নের দিক থেকে রামেক হাসপাতাল সব সময় অগ্রাধিকার পায়। হাসপাতালের জনবল ও যন্ত্রপাতির প্রয়োজন। সেগুলো দ্রুত দেওয়া হবে। ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) শয্যা দ্বিগুণ করা হবে। একটি গাড়ি ও প্রয়োজনে আরও একটি অ্যাম্বুলেন্স দেওয়া হবে।
এ বছর রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়ে জাহিদ মালেক বলেন, আমরা তিনটি জায়গা দেখেছি। নকশা প্রায় চূড়ান্ত করে এনেছি। এখন সার্ভে করার প্রয়োজন। তিনি বলেন, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্ভের কাজ একসঙ্গে হচ্ছে। সার্ভে হয়ে গেলেই আমরা প্রকল্পটি একনেকে নিয়ে যাব।
রামেক অধ্যক্ষ ডা. নওশের আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় চিকিৎসক ছাড়াও
উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান ও
রাজশাহী-৫ আসনের সাংসদ ডা. মনসুর রহমান।
- বিষয় :
- স্বাস্থ্যমন্ত্রী
- জাহিদ মালেক স্বপন
