নারায়ণগঞ্জে পুলিশের পোশাকে মাইক্রোবাস ছিনতাইয়ের চেষ্টা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ১১:২৬
পুলিশের পোশাক পরে মাইক্রোবাস ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এক ভুয়া পুলিশ সার্জেন্টকে ধরে গণপিটুনি দিয়েছে জনতা। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি খেলনা পিস্তল, দু'টি ওয়াকিটকি ও ট্রাফিক পুলিশের এক সেট পোশাক। তার নাম শাহিন ওরফে শামীম। শনিবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের ভূঁইঘর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে চার ব্যক্তি একটি নোয়া মাইক্রোবাস কৌশলে ছিনতাই করে। গাড়িটি নিয়ে পালিয়ে যাবার সময় চালক চিৎকার করলে ভূঁইগড় বাসস্ট্যান্ডে গিয়ে একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা লাগে। এ সময় চালকের ডাক-চিৎকারে উপস্থিত লোজন এগিয়ে এলে তিন ছিনতাইকারী পালিয়ে যায়। তবে শেষ রক্ষা হয়নি শাহীনের। জনতা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আটক শাহিন কুড়িগ্রাম জেলার উলিপুরের মহসিন আলীর ছেলে।
মাইক্রোবাসটির চালক দেলোয়ার হোসেন বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে ট্রাফিক পুলিশের পোশাক পরা দু'জনসহ মোট চারজন গাড়ি থামাতে আমাকে সিগন্যাল দেয়। আমি গাড়ি থামাতেই ট্রাফিক পুলিশের পোশাক পরিহিত সার্জেন্ট পদমর্যাদার একজন গাড়ির কাগজপত্র চায়। তাৎক্ষণিক কাগজপত্র দিলেও তারা বলে এসব কাগজে ভুল আছে, তোমাকে থানায় যেতে হবে। এরপর তারা আমাকে গাড়ির পেছনের সিটে বসিয়ে থানার দিকে না গিয়ে গাড়ি চালিয়ে ঢাকার দিকে রওনা দেয়। তখন আমার সন্দেহ হলে আমি চিৎকার দেই। এতে গাড়িটি আরও দ্রুত গতিতে চালিয়ে ভূঁইগড় বাসস্ট্যান্ডে এসে সিগন্যালে আটকে থাকা একটি পিকআপ ভ্যানের পিছনে লাগিয়ে দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তখন আবারও চিৎকার করলে গাড়ি থেকে দ্রুত তিনজন পালিয়ে যায় এবং আশপাশের লোকজন এসে একজনকে আটক করে গণধোলাই দেয়।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, কৌশলে ছিনতাই করার জন্য তারা পুলিশের পোশাক পড়েছিল। ছিনতাইকারীরা একটি সিএনজিযোগে ঘটনাস্থলে এসেছিল, যাতে কেউ সন্দেহ না করে। নোয়া চালকের বুদ্ধিমত্তায় ছিনতাই চেষ্টা সফল হয়নি। স্থানীয়দের সহায়তায় টহল পুলিশ ছিনতাইকারীদের কবলে পড়া মাইক্রোসহ চালককে উদ্ধার করেছে। ওই সময় শাহীন নামে এক ভুয়া পুলিশ সার্জেন্টকে আটক করা হয়েছে। আটক শাহীনকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের বিষয়ে জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
