চসিক পাঁচ লাখ শিশুকে খাওয়াবে ভিটামিন 'এ' ক্যাপসুল
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ০৯:২৯
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনে আগামী শনিবার চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ৬ থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ ৩০ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে। ৪১ ওয়ার্ডের ১ হাজার ২৮৮টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাসের ৮০ হাজার শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাসের শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন চলাকালে শিশুকে ৬ মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ানোর বিষয়ে পুষ্টিবার্তা প্রচার করা হবে।
বৃহস্পতিবার চসিক জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক, চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, মেমন হাসপাতালের ইনচার্জ ডা. আশীষ কুমার মুখার্জি, ডা. মুইজ্জুল আকবর চৌধুরী, ডা. তপন কুমার চক্রবর্তী, চসিক জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ডা. সুশান্ত বড়ুয়া, ডা. সুমন তালুকদার, জনসংযোগ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ২০টির বেশি ভ্রাম্যমাণ টিম বাস, রেল, লঞ্চ স্টেশন, নগরের প্রবেশমুখ সিটি গেট, কর্ণফুলী শাহ আমানত সেতু, কালুরঘাট সেতু, অক্সিজেন মোড়ে ভাসমান শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াবে।
- বিষয় :
- ভিটামিন 'এ' ক্যাপসুল
