পাবনায় হোসিয়ারি শ্রমিককে কুপিয়ে হত্যা, আটক দুই
পাবনা অফিস
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ০৯:৩৬
পাবনায় অনিক হোসেন (১৯) নামে এক হোসিয়ারি শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চরশিবরামপুরের চরে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দু'জনকে আটক করেছে।
অনিক হোসেন সদর উপজেলার চরশিবরামপুর গ্রামের ইছহাক আলীর ছেলে। তিনি শহরের ঝুটপট্টি এলাকার রেজাউলের হোসিয়ারি কারখানায় শ্রমিকের কাজ করতেন।
পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনিক ঝুটপট্টির রেজাউলের কারখানায় কাজ করছিলেন। বিকেলে কে বা কারা মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে যায়। পরে চরশিবরামপুরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে একটি পতিত জমিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের দেওয়া তথ্যমতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানায় পুলিশ। ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে একজন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে আটক করে। পুলিশ তাৎক্ষণিকভাবে আটক দু'জনের নাম-পরিচয় প্রকাশ করেনি।
এ ঘটনায় পাবনা সদর থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
- বিষয় :
- পাবনা
- কুপিয়ে হত্যা
- আটক
- গ্রেপ্তার
