ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সাংসদ বাদশাকে হুমকির প্রতিবাদে মানববন্ধন

সাংসদ বাদশাকে হুমকির প্রতিবাদে মানববন্ধন
×

সাংসদ ফজলে হোসেন বাদশাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন- সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০ | ১০:৩৯

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ ফজলে হোসেন বাদশাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। মঙ্গলবার নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করে সংগঠনগুলো।

প্রাণনাশের হুমকি দেওয়ার ২০ দিন পার হলেও হুমকিদাতা গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে এ সময় সংগঠনগুলোর নেতারা প্রশ্ন তোলেন, একজন এমপিকেই যদি প্রাণনাশের হুমকি দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তারা অবিলম্বে হুমকিদাতাকে আইনের আওতায় আনার দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামায়াত খান, কবিকুঞ্জের সভাপতি আরিফুল হক কুমার, বরেন্দ্র কলেজের সভাপতি আলমগীর মালেক প্রমূখ।

গত ২২ ডিসেম্বর নগরীর গাঙপাড়া খালের বস্তি উচ্ছেদ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। তবে মানবিক কারণে শীতের মধ্যে উচ্ছেদ না করার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে উচ্ছেদকারীদের অনুরোধ করেন সাংসদ ফজলে হোসেন বাদশা। এ সময় তিনি সেখানেই অবস্থান করছিলেন। এক পর্যায়ে সাম্যবাদী দলের বহিস্কৃত নেতা মাসুদ রানা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে ফোন করেন। তিনি ঘটনাস্থল থেকে সংসদ সদস্যকে সরে যেতে বলেন। তা না হলে 'প্রাণ থাকবে না' বলে হুমকি দেন।

এ ঘটনার পর সাংসদ ফজলে হোসেন বাদশা নিজের নিরাপত্তা চেয়ে বোয়ালিয়া থানায় জিডি করেন। এরপর থেকে হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবি জানায় বিভিন্ন সংগঠন।

গত ২৬ ডিসেম্বর ঢাকায় ১৪ দলের এক সভায় এ ঘটনার নিন্দা জানিয়ে হুমকিদাতাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের আহ্বান জানানো হয়। পরে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও সংবাদ সম্মেলন করে একই দাবি জানান। তবে অভিযুক্ত মাসুদ রানা এখনও গ্রেপ্তার হয়নি।

আরও পড়ুন

×