ভোটার হয়েই স্মার্টকার্ড পেলেন ২৭ তরুণ
খুলনা ব্যুরো
প্রকাশ: ০২ মার্চ ২০২২ | ০৬:২৬ | আপডেট: ০২ মার্চ ২০২২ | ০৬:২৬
আবেদনের মাত্র ১৫ দিনের মধ্যে ভোটার হলেন, সঙ্গে স্মার্টকার্ডও পেয়েছেন খুলনার ২৭ জন তরুণ। বুধবার (০২ মার্চ) নির্বাচন ভবনে প্রধান অতিথি হিসেবে তরুণ ভোটারদের হাতে স্মার্টকার্ড তুলে দেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। জাতীয় ভোটার দিবস উপলক্ষে নতুন ভোটারদের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম ফজলুর রহমান, জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার ও পুলিশ সুপার মাহবুব হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২০১৯ সালের পর থেকে খুলনায় নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ বন্ধ রয়েছে। আবেদনের ১৫ দিনের মধ্যে স্মার্টকার্ড পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নতুন ভোটাররা।
নতুন ভোটার সৈয়দা সারা রায়হান বলেন, ভোটার হয়ে খুবই ভালো লাগছে। এখন আমি দেশের নিবন্ধিত নাগরিক। শুনেছি ভোটার আইডি কার্ড পেতে অনেক সময় লাগে। আবেদনের অল্প দিনের মধ্যেই স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেয়ে খুব ভালো লাগছে।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলীর সভাপতিত্বে সভায় বীর মুক্তিযোদ্ধা আলমগীর কবির, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ বক্তৃতা করেন। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন।
- বিষয় :
- জাতীয় ভোটার দিবস
- খুলনা
